আওয়ামী লীগের ‘মারাত্মক ভুল’ পেয়েছেন মওদুদ
নির্বাচন কমিশন পুনর্গঠনে খালেদা জিয়ার প্রস্তাব নাকচ করে আওয়ামী লীগ ‘মারাত্মক ভুল’ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
সোমবার এক আলোচনা সভায় তিনি বলেন, “বেগম খালেদা জিয়া যে প্রস্তাবনা দিয়েছেন, সেই প্রস্তাবনা পরীক্ষা-নিরীক্ষা না করে এক ঘণ্টার মধ্যে ক্ষমতাসীনরা একটা প্রতিক্রিয়া দিয়ে দিলেন যে, এটার মধ্যে কোনো সারবত্তা নেই।
“এটা অন্যায়। আওয়ামী লীগ তাদের অগণতান্ত্রিক ফ্যাসিস্ট মনোভাবের পরিচয় দিয়েছে। তারা যে গণতন্ত্র বিশ্বাস করে না, সুষ্ঠু নির্বাচন চায় না, এটাই তার একমাত্র কারণ। আমি মনে করি, এর মাধ্যমে আওয়ামী লীগ আবার মারাত্মক ভুল করল।”
তবে এই ভুলের কারণে আওয়ামী লীগকে কোনো খেসারত দিতে হবে কি না, সে বিষয়ে কিছু বলেননি বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।
দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির চেয়ারপারসন গত শুক্রবার সংবাদ সম্মেলন করে ইসি নিয়োগে বাছাই কমিটি গঠনের রূপরেখা এবং ‘সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ’ নির্বাচন অনুষ্ঠানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশের কয়েকটি ধারা সংশোধনসহ ১৩টি প্রস্তাব দেন।
তার প্রস্তাব দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘অন্তঃসারশূন্য’ এই প্রস্তাব জাতির সঙ্গে ‘তামাশা’ ছাড়া আর কিছুই নয়।
ক্ষমতাসীন দলের এই প্রত্যাখ্যানের প্রতিক্রিয়া রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের আলোচনা সভায় জানান বিএনপি নেতা মওদুদ।
তিনি বলেন, “বর্তমানে আমরা গণতন্ত্র হারিয়েছি। এই হারানো গণতন্ত্র আমাদেরকে ফিরে পেতে হবে- এটাই হচ্ছে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।”
বর্তমান নির্বাচন কমিশনকে ‘সরকারের আজ্ঞাবাহী’ অ্যাখ্যায়িত করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “আগামী নির্বাচনের আগে যদি এই নির্বাচন কমিশন পুনর্গঠন করা না হয়, যদি এমন কমিশন না পাই যে নির্বাচন সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচন করতে না পারবে, তাহলে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব না।”
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাজিব আহসান, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, আমিরুল ইসলাম খান আলিম, হাবিবুর রশীদ হাবিব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের মামুনুর রশীদ মামুন, এজমল হোসেন পাইলট, নাজমুল আহসান, ইসহাক সরকার, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
