২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোষ চাপাতেই বিরোধী নেতাদের গ্রেপ্তার: মোশাররফ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনার দোষ বিরোধী দলের ওপর চাপানোর জন্যই নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।   

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 04:16 PM

Updated : 20 Aug 2022, 02:15 PM

বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার একজন মন্ত্রী ও স্থানীয় এমপির আধিপত্য নিয়ে যে ঘটনা ঘটেছে, সেটাকে আজকে অন্যপথে পরিচালিত করার জন্য উদোর পিণ্ডি বুঁদোর ঘাড়ে দিয়ে সেখানকার ইউনিয়ন বিএনপির সভাপতিকে গতরাতে গ্রেপ্তার করা হয়েছে।”

“অর্থাৎ আজকে তারা একটা ঘটনা ঘটায় আর প্রধান বিরোধীদল, দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির ঘাড়ে চাপিয়ে আমাদের নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়ন করছে।”

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির উদ্যোগে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির ও হিন্দুদের শতাধিক বাড়িঘরে ভাংচুর-লুটপাট চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক অনুসন্ধানে জানা যায়, ওই হামলার নেপথ্যে ছিল নাসিরনগরের এমপি ছায়েদুল হকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর দ্বন্দ্ব।

হামলায় জড়িতদের গ্রেপ্তারে প্রতিদিনই অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার রাত পর্যন্ত মোট ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবশেষ মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল চকদারকে।

খন্দকার মোশাররফ বলেন, “সারাদেশের মানুষ জানে, সংবাদপত্রে লিখেছে, নাসিরনগরে আওয়ামী লীগের নিজেদের মধ্যে আধিপত্যের প্রতিযোগিতায় সংখ্যালঘুদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। অথচ দোষ চাপাতে বিএনপির নেতাদের আজ জড়ানো হচ্ছে।”

১৯৭২-৭৫ সালে ‘একদলীয় শাসনব্যবস্থা’র বিরুদ্ধে মওলানা ভাসানীর বলিষ্ঠ ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “আজকে দেশ এক যুগ সন্ধিক্ষণে। দেশে আজ গণতন্ত্র নেই, বাক, ব্যক্তির স্বাধীনতা নেই।”

“বিএনপির মতো মধ্যপন্থি গণতান্ত্রিক দলের সমাবেশ করার অধিকার নেই। দেশের মানুষ হতাশ, ব্যাংক লুট হয়ে যায়, রির্জাভ লুট হয়ে যায়। কয়েকদিন আগে নাসিরনগরে সংখ্যালঘুদের ওপরে কি ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আজ কোনো কিছুরই প্রতিকার নেই।”

মজলুম জননেতা ভাসানীর দর্শন অনুসরণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ।

দলের স্থায়ী কমিটির সদস্য ও মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম অসুস্থ হওয়ায় তার জন্য দোয়া চাওয়া হয় আলোচনা সভায়।

মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটির সদস্য সচিব বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, নাজমুল হক নান্নু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা এম এ তাহের প্রমুখ।