২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানীর মৃত্যুবার্ষিকীতে বিএনপির দুইদিনের কর্মসূচি

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 01:07 PM

Updated : 20 Aug 2022, 02:13 PM

কর্মসূচির মধ্যে আছে ১৬ নভেম্বর সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা এবং ১৭ নভেম্বর টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর কবরে শ্রদ্ধা নিবেদন ও সেখানে আলোচনা সভা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে ভাসানীর কবরে শ্রদ্ধা নিবেদন করবেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

রোববার নয়া পল্টনের কার্যালয়ে ‘মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির’ সভা শেষে কমিটির আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।

Image
মওলানা আবদুল হামিদ খান ভাসানী

মওলানা আবদুল হামিদ খান ভাসানী

কৃষক-শ্রমিক আন্দোলনের অন্যতম পুরোধা ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধনগড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯০৭ সালে ভারতের দেওবন্দে পড়াশুনা করতে গিয়ে আসামে প্রবাসী বাঙালীদের অধিকার আদায়ের সংগ্রামে জড়িয়ে পড়েন। সে সময় তিনি ১৩ বার জেল খাটেন। ১৯১৯ সালে খেলাফত আন্দোলনে যোগ দিয়ে আবারও কাররুদ্ধ হন।

১৯২৯ সালে আসামের ধুবড়ী জেলার ভাসান চরে প্রথম কৃষক সম্মেলন করেন। ওই সম্মেলনে আব্দুল হামিদ খানকে ‘ভাসানী’ উপাধি দেওয়া হয়। ১৯৪৪ সালে তিনি আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন।

মুসলিম লীগের প্রগতিশীল একটি অংশের উদ্যোগে ১৯৪৯ সালের ২৩ জুন বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে গঠিত হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’।

প্রতিষ্ঠাকালে মওলানা আবদুল হামিদ খান ভাসানী দলটির সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক এবং কারাবন্দি শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে সহযোগিতা করায় গ্রেপ্তার হন তিনি। ১৯৫৪ সালে শেরে বাংলা ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে নিয়ে যুক্তফ্রন্ট গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

১৯৫৫ সালে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ এর কাউন্সিলে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। নতুন নাম হয়-‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’, যা স্বাধীনতার পরে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নাম নেয়।

রাজনৈতিক মতভিন্নতার জন্য ১৯৫৭ সালে ওই দল ছেড়ে বেরিয়ে যান আব্দুল হামিদ খান ভাসানী, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন‌্যাপ) নামে গড়েন নতুন দল।

আইয়ুববিরোধী আন্দোলনে যোগ দেওয়ায় তাকে পাঁচ বছর কারাগারে থাকতে হয়; মুক্তি পান ১৯৬৩ সালে।

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি অন্য নেতাদের সঙ্গে ভারতে চলে যান। ওই সময় গঠিত জাতীয় উপদেষ্টা পরিষদে সদস্য করা হয় তাকে।

১৯৭৬ সালের ১৬ মে ভাসানী রাজশাহী থেকে ফারাক্কার উদ্দেশ্যে লং মার্চের নেতৃত্ব দেন।

ওই বছর ১৭ নভেম্বর ৭৬ বছর বয়সে ঢাকায় মাওলানা ভাসানীর মৃত্যুর পর তাকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়।