২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতাবিহীন নির্বাচন কমিশন জনগণ মানবে না: নোমান

সমঝোতা ছাড়া নির্বাচন কমিশন গঠন হলে তা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2016, 03:55 PM

Updated : 20 Aug 2022, 02:13 PM

রাজধানীতে শনিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “আজ প্রধানমন্ত্রী চারদিকে বলছেন নির্বাচনের কথা। যে নির্বাচনের কথা তার মুখ দিয়ে আসেনি কখনও, সেই নির্বাচনে কথা এখন আসছে। অর্থাৎ নির্বাচন করতে হবে।

“কিভাবে নির্বাচন করতে হবে, সেটা নির্ধারণ করতে আজকে সমঝোতার প্রয়োজন। আর সেই আলোচনা ছাড়া যদি আবারও রকিবউদ্দীন মার্কা নির্বাচন কমিশন হয়, সেই কমিশন জনগণের ওপর চাপিয়ে দিয়ে ভোটবিহীন আরেকটি সংসদ হয়, সেই সংসদ বিএনপি মেনে নেবে না।”

সবার কাছে আস্থাভাজন ব্যক্তিদের নিয়ে কমিটি করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি পুনরায় ব্যক্ত করেন নোমান।

আগামী ফেব্রুয়ারিতে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদপূর্তির পর নতুন কমিশনের অধীনে ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে।

নতুন কমিশন নিয়োগে আগের বারের মতো এবারও ‘সার্চ কমিটি’ করার ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

২০১২ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ‘সার্চ কমিটির’ মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ওই সময় সার্চ কমিটির আহ্বানে আওয়ামী লীগসহ কয়েকটি দল নতুন কমিশনের জন্য তাদের পছন্দের ব্যক্তির নামের তালিকা দিলেও বিএনপি দেয়নি।

সেগুনবাগিচায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) উদ্যোগে সংগঠনের নেতা আমির হোসেন মণ্ডল স্মরণে এই আলোচনা সভা হয়।

সরকার বৃহৎ প্রকল্পের মাধ্যমে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে অভিযোগ করে নোমান বলেন, “দেশে মেগা প্রকল্প হচ্ছে, তার যে অর্থ, সেই অর্থগুলো লোপাট করছে যুবলীগ-ছাত্রলীগের লোকেরা। তারা ভাগবাটোয়ারা করে নিয়ে যাচ্ছে লোপাটের অর্থ।

“একদিকে সরকার উন্নয়নের কথা বলছে, অন্যদিকে এভাবে অর্থ লোপাট হচ্ছে। কেবল তাই নয়, প্রবাসীদের অর্থও লোপাট হচ্ছে।”

তিনি বলেন, “আমরা জনগণের ভোটাধিকার প্রয়োগে আন্দোলনে আছি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আছি, জনগণের ওপর যে নির্যাতন চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলনে আছি।”

জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, ন্যাপ-ভাসানীর আজাহারুল ইসলাম, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, কল্যাণ পার্টির শাহিদুর রহমান তামান্না, জাগপার খোন্দকার লুৎফর রহমান, যুবদলের অ্যালবার্ট পি কস্টা প্রমুখ।