সিপিবির নতুন কমিটিতে শীর্ষ পদে পুরনোরাই
গুঞ্জন থাকলেও সিপিবির শীর্ষ দুই পদে কোনো পরিবর্তন আসেনি, তবে কেন্দ্রীয় কমিটিতে নতুন এসেছেন বেশ কয়েকজন।
বাংলাদেশের অন্যতম প্রাচীন দলটির একাদশ কংগ্রেসে গঠিত কমিটিতে সভাপতি পদে মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ আবু জাফর আহমেদই থাকছেন। অর্থাৎ আগামী চার বছরও তারাই দলটিতে নেতৃত্ব দেবেন।
কাউন্সিলে নির্বাচিত ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি মঙ্গলবার বৈঠক করে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন নেতৃত্ব নির্বাচন করে বলে কংগ্রেস পরবর্তী এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সেলিম ও জাফর এনিয়ে দ্বিতীয় দফা শীর্ষ নেতৃত্বে এলেন। ২০১২ সালের কংগ্রেসেও তারা নির্বাচিত হয়েছিলেন।
গত ২৮ অক্টোবর সিপিবির কংগ্রেস শুরুর পর সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের গুঞ্জন চলছিল। রুদ্ধদ্বার কাউন্সিলে প্রতিনিধি ও পর্যবেক্ষকরা পুরনোদের উপর ভরসা রাখলেও প্রতিটি ক্ষেত্রে ভোটাভুটি হয় বলে সিপিবি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়।
সিপিবির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতিমণ্ডলীর সদস্যদের দলের সার্বক্ষণিক কর্মী হতে হয়। অন্য কোনো পেশায় থেকে এই পদে আসা যায় না। এবারের কংগ্রেসে ওই ধারা সংশোধনের প্রস্তাব এলেও তা ভোটাভুটিতে নাকচ হয়ে যায় বলে জানান দলটির একাধিক নেতা।
মুজাহিদুল ইসলাম সেলিম
সৈয়দ আবু জাফর আহমেদ
কংগ্রেস শেষে মুক্তিভবনে সংবাদ সম্মেলনে এসে নতুন কমিটির ঘোষণা দেন সভাপতিমণ্ডলীর সদস্য ও কংগ্রেস মুখপাত্র শাহ আলম।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক জাফর আহমেদ বলেন, “সোমবার কাউন্সিলে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হওয়ার পর আজ (মঙ্গলবার) কেন্দ্রীয় কমিটি বসে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নতুন নেতৃত্ব নির্বাচন করে।”
সংবাদ সম্মেলনে শাহ আলম ও জাফর আহমেদ
নতুন কমিটির সভাপতিমণ্ডলীর ১০টি পদের মধ্যে আটজনের নাম ঘোষণা হয়েছে। পুরনো কমিটির হায়দার আকবর খান রনো, মো. শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, কাজী সাজ্জাদ জহির চন্দন ও রফিকুজ্জামান লায়েক একই পদে আছেন।
আগের কমিটির সদস্য শাহীন রহমান, মিহির ঘোষ ও অনিরুদ্ধ দাশ অঞ্জন এবার সভাপতিমণ্ডলীতে উঠে এসেছেন।
পুরনো সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়ে শামছুজ্জামান সেলিম, আহসান হাবিব লাবলু ও মোহাম্মদ আলতাফ হোসাইন এবার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে থাকছেন।
নতুন কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যরা হলেন- অধ্যাপক এম এম আকাশ, মৃণাল চৌধুরী, অ্যাডভোকেট মণ্টু ঘোষ, মো. এনামুল হক, দিবালোক সিংহ, মাহবুবুল আলম, রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপক এ এন রাশেদা, এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, আব্দুল কাদের, ফজলুর রহমান, অ্যাডভোকেট এ কে আজাদ, শাহরিয়ার মো. ফিরোজ, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট সোহেল আহমেদ, অ্যাডভোকেট মাকছুদা আখতার, কাজী রুহুল আমিন, জলি তালুকদার, সাদেকুর রহমান শামীম, এস এ রশীদ, রাগীব আহসান মুন্না, মনোজ দাশ, আবদুল্লাহ আল কাফি রতন, সাজেদুল হক রুবেল, আমিনুল ফরিদ, মো. কিবরিয়া, হাসান তারিক চৌধুরী সোহেল, আজহারুল ইসলাম আরজু ও লুনা নূর।
এদের মধ্যে রুহিন হোসেন প্রিন্স ছাড়াও কাজী সাজ্জাদ জহির চন্দন, হাসান তারিক চৌধুরী সোহেল ও লুনা নূর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি। ওয়ার্কার্স পার্টি থেকে সিপিবিতে আসা রাগিব মুন্না রাকসুর সাবেক ভিপি এবং বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি।
আগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদে দলটির সাবেক সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও মনজুরুল আহসান খানের সঙ্গে এবারও থাকছেন জসিমউদ্দিন মণ্ডল ও শাহাদাৎ হোসেন।
সিপিবির কংগ্রেসের উদ্বোধন অনুষ্ঠান
বাম বিকল্প শক্তির ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নিয়ে গত শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির কংগ্রেসের উদ্বোধন হয়েছিল। পরদিন গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বসে বাম দলটির কাউন্সিল অধিবেশন, যা সোমবার ভোররাত পর্যন্ত চলে।
সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কংগ্রেসে ৫৩০ জন প্রতিনিধি ভোট দেন। যার মধ্যে ভোট বাতিল হয় ২১ জনের। ৫০৯ জনের ভোটে ৪৩ জন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন।
এই কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে ৪৯। বাকি ছয়টি পদ পরে পূরণ করা হবে। কংগ্রেসে ১৯৫ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদও গঠন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্রিটিশ আমলে গঠিত সর্বভারতীয় কমিউনিস্ট পার্টির উত্তরাধিকার হিসেবে বাংলাদেশে ক্রিয়াশীল সিপিবি। পাকিস্তান আমলে নানা চড়াই-উৎরাই পেরিয়ে বাংলাদেশের স্বাধীনতার পর সিপিবি নামে দলটির যাত্রা শুরু হয়।
১৯৭৩ সালে অনুষ্ঠিত কংগ্রেসে মণি সিংহ সভাপতি ও মোহাম্মদ ফরহাদ সভাপতি নির্বাচিত হন। ১৯৮৭ সালে মৃত্যুর আগ পর্যন্ত ফরহাদ সাধারণ সম্পাদক ছিলেন।
কংগ্রেসে প্রতিনিধি-পর্যবেক্ষকরা
সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশে সিপিবিতেও তার ধাক্কা লাগে। ভাঙনের পর একটি অংশ সাম্যবাদের পথ ছেড়ে দিলে ১৯৯৩ সালের কংগ্রেসে শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরীকে সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক করে নতুনভাবে যাত্রা শুরু করে সিপিবি।
সিপিবির বর্তমান নেতৃত্বের ভাষায় ‘বিলোপবাদীদের’ নেতা নুরুল ইসলাম নাহিদ বর্তমানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, শেখ হাসিনার সরকারের মন্ত্রীও তিনি।
১৯৯৯ সালে সিপিবির কংগ্রেসে সাধারণ সম্পাদক পদে সেলিম থাকলেও সভাপতি পদে পরিবর্তন হয়, এই দায়িত্বে আসেন শ্রমিক নেতা মনজুরুল আহসান খান। ২০০৩ ও ২০০৮ সালের কংগ্রেসেও একই নেতৃত্ব বহাল থাকে।
২০১২ সালের কংগ্রেসে মনজুরুল আহসান খানের বদলে সভাপতির দায়িত্বে আসেন দুই দশক ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী সেলিম। তার সঙ্গে নতুন সাধারণ সম্পাদক হিসেবে আসেন জাফর আহমেদ।
