সিপিবির কংগ্রেসের দ্বিতীয় দিন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একাদশ কংগ্রেসের দ্বিতীয় দিনের অধিবেশনে বক্তব্য দিয়েছেন বিভিন্ন দেশ থেকে আসা ‘ভ্রাতৃপ্রতীম’ দলগুলোর প্রতিনিধিরা।
শনিবার সকালে রাজধানীর কাজী বশির মিলনায়তনে কংগ্রেসের প্রথম অধিবেশনে কংগ্রেসের কার্যক্রম পরিচালনা করতে সাত সদস্যের সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয় বলে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ জানিয়েছেন।
তিনি জানান, প্রথম অধিবেশনের শুরুতেই কংগ্রেস সাত সদস্যের সভাপতিমণ্ডলী নির্বাচিত করে, যারা কংগ্রেসের সব কার্যক্রম পরিচালনা করবেন।
সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন, মনজুরুল আহসান খান, শহীদুল্লাহ চৌধুরী, ডা. দিবলোক সিংহ, মেহেরুল ইসলাম, সুতপা বেদজ্ঞ, ফিরোজা খন্দকার চামেলী ও লাকী আক্তার।
শনিবারের অধিবেশনে মূলত বিভিন্ন সাংগঠনিক কমিটি গঠনের কাজ করে সিপিবি। সভাপতিমণ্ডলীর পাশাপাশি কংগ্রেসের মুখপাত্রও নির্বাচন করা হয় অনুষ্ঠানে।
মুখপাত্র হিসেবে সৈয়দ আবু জাফর আহমেদের সঙ্গে আরও রয়েছেন হায়দার আকবর খান রনো ও শাহ আলম।
এদিকে সিপিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচনের পর কংগ্রেস ১০ সদস্যের অডিট কমিটি নির্বাচিত করে, যারা গত চার বছরের সমুদয় আর্থিক হিসাব-নিকাশ নিরীক্ষা করে কংগ্রেসে রিপোর্ট উত্থাপন করবে।
প্রথম অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপন করেন পার্টির কেন্দ্রীয় নেতা অনিরুদ্ধ দাশ অঞ্জন। শোক প্রস্তাব গৃহীত হলে সব প্রতিনিধি পর্যবেক্ষকগণ দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
এরপর কংগ্রেস প্রস্তুতি কমিটির অভ্যর্থনা উপ-পরিষদের আহ্বায়ক রুহিন হোসেন প্রিন্স কংগ্রেসের প্রতিনিধি, পর্যবেক্ষক ও বর্ষীয়ান কমরেডদের উদ্দেশে বক্তব্য দেন।
প্রথম অধিবেশনে কেন্দ্রীয় কমিটির রিপোর্ট উপস্থাপন করেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।
দুপুর ১২টা থেকে বিরতির আগে পর্যন্ত কংগ্রেসে বিভিন্ন দেশ থেকে আসা ‘ভ্রাতৃপ্রতীম’ পার্টির প্রতিনিধি দলের প্রধানরা বক্তব্য দেন।
রোববার সকাল সাড়ে ৯টায় কংগ্রেসের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হবে। প্রতিনিধিদের আলোচনার প্রেক্ষিতে সংযোজন-বিয়োজনসহ সাধারণ সম্পাদকের রিপোর্ট অনুমোদন করা হবে।
এদিন রাজনৈতিক প্রস্তাব উত্থাপন, প্রতিনিধিদের আলোচনা ও অনুমোদন, গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবগুলোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিকাল ৪টায় কাউন্সিলস্থলের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কাউন্সিলের অগ্রগতি সম্পর্কে জানাবেন নির্বাচিত মুখপাত্ররা।
