২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ দমনে সারা বিশ্বের প্রশংসা পাচ্ছে বাংলাদেশ: নাসিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে সম্পৃক্ত করে জঙ্গিবাদ দমনে সফল হওয়ায় সারা বিশ্ব থেকে বাংলাদেশ প্রশংসা পাচ্ছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 07:01 PM

Updated : 11 Oct 2022, 08:54 PM

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া প্রত্যক্ষভাবে জঙ্গিদের সমর্থন করে যাচ্ছেন।

“যারা জঙ্গিদের সমর্থন দিচ্ছেন, ২০১৯ সালে নির্বাচনের মধ্য দিয়ে তারা আবারও পরাজিত হবে। নির্বাচনে মাঠে তাদের আসতেই হবে। এবার আর তারা মাঠ ছাড়তে পারবে না।”

জঙ্গিবাদ দমন এবং জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের বর্জন করে বিচারের আওতায় আনার দাবিতে জাসদের প্রচারাভিযানের অংশ হিসেবে ‘জঙ্গি নির্মূল ও জঙ্গিসঙ্গী বর্জন’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করা হয়।

এতে জঙ্গি-সঙ্গীদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের রুখে দিতে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আওয়ামী লীগ নেতা নাসিম বলেন, জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে কেন্দ্রীয় ১৪ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।

সেমিনারে খালেদা জিয়া ও তার দল বিএনপিকে যুদ্ধাপরাধী, জঙ্গি, পনের ও একুশে অগাস্টের খুনি এবং আগুন সন্ত্রাসীদের প্রধান পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেন জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, “এই পৃষ্ঠপোষকদের বিচার করতে আইনের জরুরি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। খালেদা জিয়া ও বিএনপিসহ জঙ্গি মদদদাতা দলগুলোকে আইনের আওতায় এনে এ দেশের রাজনীতি থেকে তাদের বর্জন করতে হবে।

“জঙ্গিবাদ নির্মূল করতে হলে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও জঙ্গিসঙ্গীদের বিচারের সম্মুখীন করতে আইনী কাঠামো গড়ে তোলা প্রয়োজন।”

জাসদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসদ সভাপতি ইনু’র সভাপতিত্বে ও জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপির সঞ্চালনায় এ সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন জাসদ সহ-সভাপতি হাবিবুর রহমান শওকত।

সেমিনারে অন্যদের মধ্যে ১৪ দলের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, ফেরদৌসি প্রিয়ভাষিনী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, গণবিচার আন্দোলনের সদস্য সচিব জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ফোরামের যুগ্ম-সাধারণ মেজর (অব.) জিয়া উদ্দিন, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবিব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ন্যাপের এনামুল হক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী বক্তব্য রাখেন।