অভিযোগের প্রমাণ দিন: বিএনপিকে কাদের
বিশ্ব ব্যাংকের অর্থায়নের প্রকল্পে দুর্নীতি হচ্ছে বলে যে অভিযোগ বিএনপি তুলেছে, তার প্রমাণ দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দুর্নীতির অভিযোগ তুলে তা খতিয়ে দেখতে ঢাকা সফররত বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
তার প্রতিক্রিয়ায় মঙ্গলবার ঢাকায় শিল্পকলা একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতার উদ্দেশে বলেন, প্রমাণ করুন, না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
“মোশাররফ সাহেব, আপনি বলেছেন বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হচ্ছে, বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোতে দুর্নীতি হচ্ছে। আমি বলব। আপনারা আসুন প্রকল্প ঘুরে দেখে যান। কোনো ধরনের গড়মিল খুজে পান কিনা।
“আর যদি না আসেন, তাহলে এই সকল অপপ্রচারেরর জন্য আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের বিচার করা হবে।”
বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “তিনি শুধু অভিযোগ দিতেই শিখেছেন, এটাই তার মূল পুঁজি।
“চীনের রাষ্ট্রপতির কাছে অভিযোগ করেছেন যে বাংলাদেশে গণতন্ত্র নেই, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসেনি। চীনা প্রেসিডেন্টের জবাব, আমরা শান্তি চাই। চীনা প্রেসিডেন্টের এই উত্তরে হয়ত খালেদা জিয়ার অভিযোগ-মায়াকান্না ব্যর্থ হয়েছে।”
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাদের।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, সহ সম্পাদক সামসুল কবির রাহাত প্রমুখ।
