২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাণ্ড’গুলো খতিয়ে দেখুন: বিশ্ব ব‌্যাংক প্রেসিডেন্টকে বিএনপি

বিশ্ব ব‌্যাংকের ঋণ সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোতে দুর্নীতি হচ্ছে দাবি করে তা খতিয়ে দেখতে সংস্থাটির প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 09:34 PM

Updated : 12 Apr 2022, 03:05 AM

বিশ্ব ব‌্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের বাংলাদেশ সফরের মধ‌্যে সোমবার ঢাকায় এক আলোচনা সভায় বক্তব‌্যে এই আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস‌্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, “বিশ্বব্যাংকের বিভিন্ন প্রজেক্ট বাংলাদেশে আছে। যে বড় বড় প্রজেক্টে বড় বড় যে কাণ্ড-কারখানা এখানে হচ্ছে। আমরা আশা করি, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এখানে এসেছেন, এগুলো তলিয়ে দেখবেন।”

বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব ব‌্যাংক প্রেসিডেন্টের অনুষ্ঠানস্থলের কয়েকশ গজের মধ‌্যে জাতীয় প্রেস ক্লাবে ড‌্যাবের অনুষ্ঠানে বক্তব‌্য রাখেন খন্দকার মোশাররফ।

সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টিজাফরুল্লাহ চৌধুরী বলেন, “বাংলাদেশে মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি। আজকে যখন আমরা এখন মিটিং করছি, তখন বাংলাদেশ সফর করছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।

“উনাকে আমরা একবারও মনে করাইনি যে আপনার সময়ে পদ্মাসেতু প্রকল্পে ব্যয় ছিল ৭ হাজার কোটি ডলার। আজকে সেটা ৩২ হাজার কোটি ডলার হয়েছে। হের-ফেরটা কোথায়?”

সরকারের ‘দুর্নীতির’ কারণেই বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্প থেকে সরে গেছে দাবি করে মোশাররফ বলেন, এখন নিজস্ব অর্থায়নের কথা বলে জনগণের উপর ঋণের বোঝা বাড়িয়ে তুলেছে।

“বাংলাদেশের জনগণের ঘাড়ে ঋণের চাপ বৃদ্ধি করে আজকের সরকার প্রধান জেদের বশবর্তী হয়ে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু বাস্তবায়ন করছেন বিশ্ব ব্যাংকের সহযোগিতা না নিয়ে। এই বিষয়টি আশা করি বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট তলিয়ে দেখবেন।”

বিশ্ব ব‌্যাংক দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে পদ্মা প্রকল্প নিয়ে কালক্ষেপন করলে তাদের বাদ দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে দেশের দীর্ঘতম এই সেতু নির্মাণ করছে।

বিশ্ব ব‌্যাংক প্রেসিডেন্টের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক সফরের বিষয়টি তুলে ধরে মোশাররফ বলেন, এর মধ‌্য দিয়ে বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব ফুটে উঠেছে।

চীনের প্রেসিডেন্টের সফরে যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই হয়েছে, তা বাস্তবায়নের মধ‌্য দিয়ে বাংলাদেশের জনগণের কল‌্যাণ হবে বলে মনে করছেন বিএনপির এই নেতা।

“বর্তমান সরকার ক্রেডিট নিতে অনেককিছু বলছেন। আমি বলতে চাই, এসব সমঝোতা স্মারক, চুক্তিগুলো করে চীনের প্রেসিডেন্ট এই মেসেজ বাংলাদেশকে দিয়েছেন যে, চীন বাংলাদেশে পাশে আছে।”

চীনের প্রেসিডেন্ট বর্তমান বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদকে সাক্ষাৎ না দিয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করার মধ‌্য দিয়ে জনগণের চাওয়ার মূল‌্যায়ন করেছেন বলেও মন্তব‌্য করেন তিনি।

“চীন অনির্বাচিত সংসদকে রিকগনাইজ করে না বলেই এই সংসদের বিরোধী দলের নেতাকে রিকগনাইজ করে নাই। জনগণের নেতাকে রিকগনাইজ করেছেন বলেই শি জিনপিং বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন।”

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম এ হাদীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় তার জীবন নিয়ে কথা বলেন বক্তারা।

অধ্যাপক এম এ হাদীকে একজন ‘দেশপ্রেমিক চিকিৎসক’অভিহিত করে সাবেক স্বাস্থ‌্যমন্ত্রী মোশাররফ বলেন, চিকিৎসা সেবাকে জনগণের দ্বারপ্রান্তে নিতে তার উদ্যোগী চিন্তাভাবনা ছিল।

অধ্যাপক আবদুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তাহির, ড্যাবের অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, অধ্যাপক আবদুল মান্নান মিয়া, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বক্তব্য রাখেন।