২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের সম্মেলনে ‘দেশে গণতন্ত্র ফিরবে’, আশায় বিএনপি

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সফলতা কামনা করে এর মধ্য দিয়ে ক্ষমতাসীন দলটি ‘বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে’ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 03:03 PM

Updated : 12 Apr 2022, 03:06 AM

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সামনে এই আশাবাদ ব্যক্ত করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। তাদের এই সম্মেলনকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশা করব, তাদের এই সম্মেলন সফল হবে।

“একইসঙ্গে এটা আশা করি, এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনবার জন্যে তারা তাদের ভূমিকা পালন করবেন। বিএনপি শুধু নয়, দেশের মানুষের একটাই প্রত্যাশা- গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য আওয়ামী লীগের নেতৃত্ব উপযুক্ত ভূমিকা পালন করবে।”

‘দেশে সংকট সৃষ্টি হয়েছে’ মন্তব্য করে এর জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করে ফখরুল বলেন, “এ থেকে বেরিয়ে আসার জন্য- যেহেতু আওয়ামী লীগ এখন সরকারে আছে, উদ্যোগটা তাদেরকেই গ্রহণ করা উচিৎ।

“দেশকে আবার গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আনা, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া- এই দায়িত্বটা তাদেরই পালন করা উচিৎ।

“আমরা আশা করব, এই সম্মেলনের মধ্য দিয়ে তারা (আওয়ামী লীগ) সেই লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহন করবেন।”

দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে তিনি থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে বারিধারার থাই দূতাবাসে গিয়ে শোকবইতে স্বাক্ষর করেন।

মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগের যেরকম অতীত ভূমিকা রয়েছে যে, তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আবার দুর্ভাগ্য হচ্ছে, তাদের হাতেই বার বার গণতন্ত্র আহত হয়েছে, বিঘ্ন হয়েছে এবং গণতন্ত্র পরাজিত হয়েছে।

“বিএনপি তো দীর্ঘকাল ধরে অভিযোগ করে আসছে, বিএনপিকে শুধু নয়, বিরোধী দলকে কোনো গণতান্ত্রিক পরিসর বা স্পেস দেওয়া হচ্ছে না। শুধু সভা-সমাবেশের ব্যাপারেই নয়, সব ক্ষেত্রেই এখন গণতন্ত্র সংকুচিত শুধু নয়, গণতন্ত্র প্রায় নির্বাসিত হয়ে গেছে।

“আমরা মনে করি যে, আওয়ামী লীগ নিজেদের জন্য যে কাজটি করছে, সেই কাজটি অন্যান্য রাজনৈতিক দলকে করার সুযোগ দেবে- এটাই আমরা আশা করি।”

বিএনপি আওয়ামী লীগের সম্মেলনে যাবেন কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “এখনো আমরা আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”