রাজা ভূমিবলের প্রতি বিএনপির শ্রদ্ধা
থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে বারিধারায় থাইল্যান্ডের দূতাবাসে গিয়ে শোকবইতে স্বাক্ষর করেন
এসময় তিনি বলেন, “আমরা দল ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। তাদের পক্ষ থেকে আমি শোকবইতে স্বাক্ষর করেছি।
“ভুমিবল জনপ্রিয় রাজা ছিলেন; জীবদ্দশায় থাই জনগণের কাজ করে গেছেন। তার মৃত্যুতে আমরা শোকাভিভূত।”
দলের ভাইস চেয়ারম্যান সাবিহউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা থাই রাজা ভূমিবল গত বৃহস্পতিবার ৮৮ বছর বয়সে মারা যান।
৭০ বছর ধরে রাজার দায়িত্ব পালন করে আসা ভূমিবল থাইল্যান্ডে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।
থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সংকট সমাধানে তিনি অন্যতম প্রধান ভূমিকা পালনকারী হিসেবেও বিবেচিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে তিনি স্বাস্থ্য সমস্যায় ভূগছিলেন। কয়েকমাস ধরে তাকে জনসম্মুখেও দেখা যায়নি। গেল বছরের বেশিভাগ সময় তিনি হাসপাতালেই কাটিয়েছেন।
