২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাসাদে শেষ যাত্রায় রাজা ভূমিবল

থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজের ‍মৃতদেহ শুক্রবার শেষবারের মত রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। এ সময় ব্যাংককে হাজার হাজার মানুষ সড়কের দুইপাশে দাঁড়িয়ে রাজাকে শেষ শ্রদ্ধা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2016, 11:22 PM

Updated : 12 Apr 2022, 03:04 AM

বিবিসি জানায়, এদিন আরও লাখ লাখ মানুষ টেলিভিশনে সরাসরি এই দৃশ্য দেখেন। মন্ত্রিসভার পক্ষ থেকে এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল।

সড়কের পাশে দাঁড়ানো এক থাই নাগরিক বিবিসি’কে বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি।”

বৃহস্পতিবার রাজপ্রাসাদ থেকে এক বিবৃতিতে রাজা ভূমিবলের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, “জাহাঁপনা সিরিরাজ হাসাপাতালে স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটার দিকে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন।”

থাই রাজা ভূমিবল বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব পরিচলনা করেছেন। ৮৮ বছর বয়সী রাজা ভূমিবল এ বছর জুনে নিজের সিংহাসনের আরোহনের ৭০তম বার্ষিকী পালন করেন।

ভূমিবলের মৃত্যুর পর ৬৩ বছর বয়সী ক্রাউন প্রিন্স মাহা ভাজিরালঙকর্ন থাইল্যান্ডের নতুন রাজা হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা।

রাজার মৃত্যুর পর টেলিভিশনে এক ভাষণে প্রায়ুথ চান ওচা বলেন, রাজার মৃত্যুর জন্য থাইল্যান্ড আগামী একবছর শোক করবে।

৩০ দিন রাষ্ট্রীয়ভাবে পতাকা অর্ধনমিত করে রাখা হবে। এসময় নাগরিকদের কালো পোশাক পরতে ও সব বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

এসময় সিনেমা হল ও কনসার্ট অনুষ্ঠান বন্ধ রাখা হবে এবং সব ধরনের খেলাধূলার পূর্বনির্ধারিত ম্যাচ স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে ক্রাউন প্রিন্স মাহা ভাজিরালঙকর্ন ভূমিবলের মৃতদেহ ধোয়ানোর অনুষ্ঠান পরিচালনা করেন।

এরপর ১শ’ দিনের জন্য রাষ্ট্রীয়ভাবে ভূমিবলের মৃতদেহ শায়িত রাখা হবে। তারপর শুরু হবে আনুষ্ঠানিকভাবে সমাহিত করার প্রক্রিয়া। এ প্রক্রিয়া শুরু হতে একবছরও লেগে যেতে পারে।

গত কয়েক বছর ধরে স্বাস্থ্যসমস্যায় ভুগছিলেন রাজা ভূমিবল। কয়েকমাস ধরে তাকে জনসম্মুখেও দেখা যায়নি। গেল বছরের বেশিভাগ সময় তিনি হাসপাতালেই কাটিয়েছেন।

পুরনো খবর:

সাত দশকের রাজা ভূমিবল