২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ অগাস্ট জন্মদিন: খালেদাকে গ্রেপ্তারে পরোয়ানার আবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার দিনে জন্মদিন পালন বন্ধের আর্জি জানিয়ে করা মামলায় আদালতে হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন বাদী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 05:00 PM

Updated : 12 Apr 2022, 03:05 AM

সোমবার খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। সমন পেয়েও তিনি আদালতে না যাওয়ায় মামলার বাদী গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম আবেদনটি নথিভুক্ত করে পরোয়ানার বিষয় আদেশের জন্য ২ নভেম্বর দিন ধার্য করেন বলে জানান বাদীর আইনজীবী দুলাল মিত্র।

গত ৩০ অগাস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম এ মামলা করেন। ওইদিনই আদালত মামলা আমলে নিয়ে খালেদা জিয়াকে ১৭ অক্টোবর আদালতে হাজির হতে বলেছিল।

মামলায় বাদী অভিযোগ করেছেন, বঙ্গবন্ধুকে ‘হেয় করতেই’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘উদ্দেশ্যমূলকভাবে’ ১৫ অগাস্ট জন্মদিন পালন করে আসছেন।

আইনজীবী দুলাল মিত্র ওই সময় বলেছিলেন, দণ্ডবিধির ৪৬৯ ধারায় করা মামলার আবেদনের সঙ্গে খালেদা জিয়ার মেশিন রিডেবেল পাসপোর্টের ফটোকপি,বিয়ের কাবিননামা,এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মার্কশিট এবং ১৯৯১ সালের নির্বাচনের সময় দৈনিক বাংলায় প্রকাশিত খালেদা জিয়ার জীবনবৃত্তান্ত সংক্রান্ত একটি কাটিং আদালতে জমা দেওয়া হয়।

এ মামলার আর্জিতে কয়েকজন সাংবাদিকসহ বেশ কয়েকজনকে সাক্ষী রাখা হয়েছে।

গত দুই যুগ ধরে ১৫ অগাস্ট খালেদা জিয়ার জন্মদিন উদযাপন হলেও তার আরও কয়েকটি জন্মদিনের হদিস পাওয়া যায়। তার জন্মসাল নিয়েও দুই রকম তথ‌্য পাওয়া যায়। 

খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালে বলে তার নতুন করা পাসপোর্টে থাকলেও বিএনপি নেতা গয়েশ্বর রায় গত বছর জানান,তার নেত্রীর জন্ম ১৯৪৫ সালে।

বাংলা পিডিয়াসহ খালেদা জিয়ার জীবনীর ওপর রচিত কয়েকটি গ্রন্থে তার জন্ম বছর ১৯৪৫ সালের ১৫ অগাস্ট দেখানো হয়েছে।

আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক নানা আলোচনায় ১৫ অগাস্ট শোকের দিন কেক না কাটার আহ্বান জানিয়ে আসছিলেন খালেদা জিয়াকে।

এ বছর খালেদা কেক না কাটলেও তার জন্মদিন পালন করতে মিলাদের আয়োজন করে বিএনপি।

পুরনো খবর:

১৫ অগাস্ট জন্মদিন: খালেদাকে আদালতে তলব