কাউন্সিলে আত্মপ্রচার থেকে বিরত থাকুন, নেতাকর্মীদেরকে কাদের
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে আত্মপ্রচার করতে গিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে ব্যানার-ফেস্টুনে নিজেদের ছবি ব্যবহার না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের।
শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন সম্মেলন প্রস্তুতির দপ্তর উপ-কমিটির এই আহ্ববায়ক।
ওবায়দুল কাদের বলেন, “সম্মেলনের বাইরে বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যের ছবি সম্বলিত ফেস্টুন-ব্যানার ও পোস্টার থাকবে। তবে আত্মপ্রচারের জন্য কারো ছবি ব্যবহার করা যাবে না।”
আগামী ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী সেখানে সম্মেলনের প্রস্তুতি কার্যক্রম চলছে।
এতে কোনো ধরনের শৃঙ্খলা বিঘ্নকারী কাজ করে সম্মেলনের ঐতিহ্য নষ্ট না করতে নেতাকর্মীদের প্রতি দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন- সম্মেলনের সব উপ কমিটি, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল নেতাকর্মীকে ডেকোরাম ও ডিসিপ্লিন রক্ষা করতে হবে।
“এ দায়িত্ব প্রত্যেক নেতাকর্মীর উপর বর্তায়। প্রত্যেকে দায়িত্বশীল নেতাকর্মী হিসেবে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।”
এবারের সম্মেলনে আওয়ামী লীগের ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটনা হবে বলে জানান ওবায়দুল কাদের।
“আওয়ামী লীগের একটি ইতিহাস আছে, এতিহ্য আছে। ট্র্যাডিশনের সঙ্গে টেকনোলজি এবং ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে, প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবীনদের রক্ত সঞ্চালন করা হবে এই সম্মলনের মাধ্যমে।
“রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর বীর কন্যার নেতৃত্বে পার্টির নতুন রক্ত সঞ্চালন করে আমাদের মাটিকে গতিশীল করব। এবারের সম্মেলনের অঙ্গীকার উন্নয়ন সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ,” বলেন আওয়ামী লীগ নেতা কাদের।
সম্মেলনস্থল পরিদর্শনের সময় ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সঙ্গে ছিলেন।
