২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিব-উন-নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ

জামিন আবেদন নাকচ করে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলকে নাশকতার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 10:48 AM

Updated : 20 Aug 2022, 01:53 PM

রোববার সকালে এই বিএনপি নেতা ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন চান।

তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান, ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা ৪১টি মামলায় আত্মসমর্পণের আবেদন করা হলেও একটি মামলায় নথিপত্রের জটিলতার কারণে শেষ পর্যন্ত তিনি ৪০টিতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

মুখ্য মহানগর হাকিম আদালতের আটজন বিচারকের এজলাশে শুনানি শেষে সোহেলের জামিনের সব আবেদনই নাকচ হয়ে যায় বলে তার অন‌্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান।  

এই ৪০টি মামলার মধ্যে পল্টন থানার ২২টি, মতিঝিল থানার তিনটি, দারুস সালাম থানার দুটি, যাত্রাবাড়ী থানার তিনটি, ওয়ারী থানার দুটি, মুগদা থানার তিনটি, খিলগাঁও থানার দুটি এবং রমনা, শাহবাগ ও মোহম্মদপুর থানার একটি করে মামলা রয়েছে।

আইনজীবীরা জানান, নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ- তিন মাসের টানা অবরোধ হরতালের মধ্যে নাশকতার বিভিন্ন ঘটনায় এসব মামলা দায়ের করা হয়।