২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকারের নিপীড়নে নিঃশেষের প্রমাণ হান্নান শাহ’

বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিপীড়ন-নির্যাতনে ‘গণতন্ত্রকামী মানুষকে নিঃশেষ’ করছে, যার প্রমাণ আ স ম হান্নান শাহ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 10:57 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

অভিযোগের কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “তিনি (হান্নান শাহ) সরকারের নির্যাতনের একটি মিথ্যা মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর তিনি বিদেশ থেকে লাশ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ সেপ্টেম্বর মারা যান সাবেক সেনা কর্মকর্তা হান্নান শাহ। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তার জন্য মঙ্গলবার বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই শোক সভার আয়োজন করে বিএনপি। নেতাকর্মীরা কালোব্যাজ পরে প্রয়াত নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

হান্নান শাহ নিয়ে মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের পক্ষে কথা বলা এই মানুষটি সোজা-সাপটা কথা বলতেন। সম্ভবত সৈনিকদের বৈশিষ্ট্য যে তারা আমাদের রাজনীতিবিদদের মতো এতো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেন না। যা মনে করেন, যা বলতে চান- তা সোজাভাবে বলেন, সেটাই জনগণের কাছে সরাসরি চলে যায়।”

তার মৃত্যুতে বিএনপি ও দেশের ক্ষতি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “হান্নান শাহকে আমরা ফিরে পাব না। তবে তার আদর্শ, তার প্র্রদর্শিত পথ, সেই পথে যদি আমরা চলতে পারি, তাহলে তার যে লক্ষ্য ছিল- দেশে গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনা, অবরুদ্ধ গনতন্ত্র মুক্ত করা ও মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া- সেই কাজগুলো তিনি শেষ করতে পারেননি, সেই কাজগুলো আমরা শেষ করতে পারব। তাহলেই তার প্রতি শ্রদ্ধা জানানো হবে।”

মির্জা ফখরুল বলেন, “হান্নান শাহ তার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কিছু মৌলিক কাজ করে গেছেন। তিনি বাউল দল গঠন করেছিলেন। এই বাউলরা গ্রামে-গঞ্জে গান গায়, বিভিন্ন কথা বলে। বিভিন্ন কথার মধ্যে তারা ভগবানের কথা বলে, ঈশ্বরের কথা বলে, আল্লাহর কথা বলে এবং বিভিন্ন জাতি-ধর্ম নির্বিশেষে একটা তারা ভিন্ন চিন্তা-ভাবনা নিয়ে যায়।

“আরেকটি কাজ তিনি করেছেন, বাংলাদেশে যে ক্ষুদ্র জাতি-গোষ্ঠী আছে, গারো, সাঁওতাল, ওরাও, মারমা ইত্যাদি ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। এদের দেশের বিভিন্ন জায়গায় সংগঠন আছে, সংগঠিত হচ্ছে।”

প্রাক্তন সৈনিকদের একটি সংগঠন প্রতিষ্ঠায় হান্নান শাহর ভূমিকার কথাও স্মরণ করেন মির্জা ফখরুল।

পঞ্চগড়ের সাবেক সাংসদ মোজাহার হোসেনের মৃত্যুতেও শোক প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

হান্নান শাহর স্মৃতিচারণ করে সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “তিনি আপাদমস্তক একশ ভাগ দেশপ্রেমিক নেতা ছিলেন। আমরা জাতীয়তাবাদী একটি স্তম্ভকে হারিয়েছি, একজন জাতীয়তাবাদী নেতাকে হারিয়েছি। তার মৃত্যতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এটা ক্ষতি পোষানো অত্যন্ত কঠিন।”

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় হান্নান শাহের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, “ওই সময়ে সারাদেশে মানুষ তার সাহসী ভূমিকা সম্পর্কে অবগত আছেন। তৎকালীন ফখরুদ্দিন-মঈনুদ্দিনের বিরুদ্ধে তিনি সাহসের সঙ্গে কথা বলেছিলেন। এজন্য বার বার তিনি কারাগারে গেছেন, কারাগার থেকে বেরিয়ে কথা বলেছেন, আবার কারাগারে গেছেন। দলের দুঃসময়ে তার কণ্ঠকে কেউ বন্ধ করে রাখতে পারেনি।

“কেবল তাই নয়, একনায়কতন্ত্র স্বৈরাচারী বিনাভোটের সরকারের বিরুদ্ধেও হান্নান শাহ সোচ্চার ছিলেন। তিনি অনেক অপ্রিয় সত্য কথা সাহসের সাথে বলেছেন। আমরা তাকে হারিয়ে মনে করছি, বিএনপি এমন একজন নেতাকে হারাল, তার স্থান পূরণ করা কঠিন হবে।”

বাবার মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো ও সহমর্মিতা প্রকাশের জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান হান্নান শাহর ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান।

মির্জা ফখরুলের সভাপতিত্বে এই শোক সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন বক্তব্য রাখেন।

এছাড়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহানগর বিএনপির মুন্সি বজলুল বাসিত আনজু, ছাত্র দলের সভাপতি রাজীব আহসান প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন।