বিএনপি কার্যালয়ে এশিয়া প্যাসিফিক ডেমেক্রেটিক ইউনিয়ন প্রতিনিধিদল
বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের আঞ্চলিক সংস্থা এশিয়া-প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) একটি প্রতিনিধি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে বৈঠক করেছে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ দলের সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় হয়।
এশিয়া-প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের ইন্টারন্যাশনাল সেক্রেটারি ও অস্ট্রেলিয়ান লিবারেল পার্টির ইন্টারন্যাশনাল সেক্রেটারি ব্রুস এডওয়ার্ডস তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রতিনিধি ক্রিস্টোফার জে ফাস্টনার ও শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির প্রতিনিধি মাহিন্দা হারাদাশা।
বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারে যেসব রাজনৈতিক দল বিশ্বাস করে তাদের একটি সংগঠন ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন (আইডিইউ)। আমরা ২০১২ সালে এই সংগঠনের সদস্য পদের জন্য আবেদন করেছিলাম, তখন থেকে আমরা সহযোগী সদস্য হিসেবে আছি।
“আজকে তারা আমাদের অফিস পরিদর্শন এবং মতবিনিময় করতে এসেছেন। তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও আমাদের কাছে জানতে চেয়েছেন।”
বিএনপি মহাসচিবের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠকে দলের যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে এপিডিইউ প্রতিনিধিদলের সদস্যরা বিএনপির সদ্য প্রয়াত নেতা আ স ম হান্নান শাহের জন্য খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন।
