২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেম্বারে স্থগিত হয়নি রিজভীর জামিন

রাজধানীতে নাশকতার পাঁচ মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেওয়া হাই কোর্টের জামিন স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 02:48 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রোববার ‘নো অর্ডার’ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিজভীর পক্ষে ছিলেন আমিনুল হক। তাকে সহায়তা করেন আইনজীবী জহিরুল ইসলাম।

বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ গত ৭ সেপ্টেম্বর এসব মামলায় রিজভীকে জামিন দেয়।

নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির টানা অবরোধ-হরতালের মধ‌্যে নাশকতার ঘটনায় দায়ের করা এসব মামলার মধ‌্যে পল্লবী থানার দুই এবং রমনা, মতিঝিল ও খিলগাঁও থানার একটি করে মামলা রয়েছে।

রিজভী গত ১৮ অগাস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে এসব মামলায় জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠায়। এরপর তিনি হাই কোর্টে যান।

রিজভীর আইনজীবী সগীর হোসেন লিওন এর আগে জানিয়েছিলেন, রমনা থানার মামলায় হত্যা ও বিস্ফোরক আইনে পুলিশ আলাদা অভিযোগপত্র দেওয়ায় তা এখন দুটি মামলায় পরিণত হয়েছে।

ফলে পাঁচ মামলায় জামিন হলেও রিজভী এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী।

পুরনো খবর:

নাশকতার পাঁচ মামলায় হাই কোর্টে রিজভীর জামিন