২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিস্টার ফখরুলের সাজার সমালোচনায় মির্জা ফখরুল

সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের রায় ফাঁসের ঘটনায় সাইবার ট্রাইব্যুনালের দেওয়া রায়ে তার আইনজীবীর সাজার আদেশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2016, 04:47 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

তিনি বলেছেন, “দশ বছর জেল দিয়েছে কালকে আইসিটি মামলায়, আমাদের ব্যারিস্টার ফখরুল ইসলাম সাহেবকে। অপরাধ কী? সত্য কথা বলার অপরাধ। সত্য কিছু কাগজ তিনি তুলে ধরেছেন। এটাই অপরাধ আজকে।”

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম বৃহস্পতিবার আলোচিত এ মামলায় যে রায় ঘোষণা করেছেন তাতে ব্যারিস্টার ফখরুলসহ পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হলেও যুদ্ধাপরাধে মৃত‌্যুদণ্ডে দণ্ডিত সাকা চৌধুরীর স্ত্রী ও ছেলেকে খালাস দেওয়া হয়েছে।

২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরের ফাঁসির রায়ের আগে তার স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা রায়ের ‘খসড়া কপি’ও সংবাদকর্মীদের দেখান এবং আদালতের রায় নিয়ে কটাক্ষ করেন।

পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সালাউদ্দিন কাদেরের আইনজীবীর সহকারী বড় অঙ্কের অর্থের লোভ দেখিয়ে ট্রাইবুনালের দুই কর্মীর মাধ্যমে ওই রায়ের খসড়ার অংশবিশেষ বের করেন, যা পরে সাংবাদিকদের দেখানো হয়।

শুক্রবার উত্তরায় নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাইবার আদালতের ওই রায় নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব ফখরুল।

দেশে ‘বাক স্বাধীনতা নেই’ দাবি করে মির্জা ফখরুল বলেন, “৩৫টা অনলাইন বন্ধ করে দিল… এক কথায়, এক মুহূর্তের মধ্যে! কীভাবে বলেন এটা একটা গণতান্ত্রিক দেশ? কীভাবে বলেন? কোন পথে বলেন?”

বিভিন্ন ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের সমালোচনা করে ভারতের পরিস্থিতির প্রসঙ্গ টানেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “জওহরলাল ইউনিভার্সিটির ছাত্ররা কাশ্মির নিয়ে কিছু বলল। সরকার কিছু ছাত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করল। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিল যে, কথা বললেই রাষ্ট্রদ্রোহিতা হয় না। তাকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, যুদ্ধ করতে হবে, তাহলে রাষ্ট্রদ্রোহিতার পর্যায় পড়ে।”