২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার তিন মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র আমলে

বিএনপির অবরোধে সহিংসতার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা নাশকতার তিনটি মামলায় খালেদা জিয়াসহ দলের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপপত্র আমলে নিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 09:05 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

ঢাকার ১ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা বুধবার অভিযোগপত্র আমলে নিয়ে এসব মামলার ৭১ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন।

তবে আসামিদের মধ্যে খালেদা জিয়াসহ চারজন জামিনে আছেন।

ওই ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুলি তাপস কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন মামলার পলাতক ৭১ আসামিকে গ্রেপ্তার করা গেল কি না তা জানাতে আগামী ১৮ অক্টোবর দিন রেখেছেন বিচারক।

তিন মামলায়ই জামিনে থাকা খালেদা জিয়া এদিন আদালতে হাজির হননি। তার পক্ষে আদালতে হাজিরা মওকুফ চেয়ে সময় চান আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

সময় আবেদনে বলা হয়, হজ পালনের জন্য  দেশের বাইরে আছেন বিএনপি চেয়ারপারসন।

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচিতে বাধা পেয়ে ২০১৫ সালের শুরু থেকে টানা তিন মাসের অবরোধ করে বিএনপি নেতৃত্বাধীন জোট। সে সময় গাড়িতে পেট্রোল বোমাসহ নাশকতার নানা ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি হয়।

ওই সময় রাজধানীর দারুস সালাম এলাকায় নাশকতার অভিযোগে এই তিনটি মামলা দায়ের করে পুলিশ।

মামলাগুলোর এজাহারে আসামি হিসেবে খালেদা জিয়ার নাম ছিল না। তবে চলতি বছরের শুরুর দিকে পুলিশ আদালতে যে অভিযোগপত্র জমা দেয় তাতে খালেদা জিয়ার নাম উল্লেখ করা হয়।

একটি মামলায় খালেদা জিয়াসহ আসামি ৩১ জন, দ্বিতীয়টিতে আসামি খালেদাসহ ২৪ জন এবং তৃতীয়টিতে খালেদার সঙ্গে ২৬ জনকে আসামি করা হয়েছে।

গত ১০ অগাস্ট আদালতে আত্মসমর্পণ করে তিন মামলায় জামিন পান খালেদা জিয়া।

অভিযোগপত্রে আসামিদের মধ্যে বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, সুলতান সালাউদ্দিন টুকু, মিয়া সরাফত আলী সফু, মামুন হাসান, হাজি আবদুর রহমান, মোস্তফা জগলুল প্রমুখ রয়েছেন।