চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ফখরুল
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে দেশে ফেরেন তিনি।
গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান ফখরুল। সেখানে র্যাফেলস হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক দেখান।
মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের পরামর্শে ছয় মাস পরপর ফখরুলকে সিঙ্গাপুরে যেতে হয়।
সর্বশেষ গত ২৮ জানুয়ারি সিঙ্গাপুর যান তিনি।
২০১৫ সালের ২৭ জুলাই ও ১৭ অক্টোবর দুই দফায় সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা ফখরুল। পরে চিকিৎসকদের পরামর্শে যুক্তরাষ্ট্রেও যান।
এবার চিকিৎসা শেষে বিএনপি মহাসচিব ফখরুলের দেশে ফেরার দিনে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া হজ করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
