২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকরা বড় যুদ্ধাপরাধী: শেখ হাসিনা

একাত্তরের যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায়ও বসিয়েছিল, তাদের বিচারের জন‌্যও দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 09:27 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

তিনি বলেছেন, “লাখো শহীদের রক্তে রঞ্জিত আমাদের এই পতাকা যারা যুদ্ধাপরাধীদের হাতে তুলে দিয়েছিল, যারা তাদের মন্ত্রী বানিয়েছিল, ভোট চুরি করে বঙ্গবন্ধুর খুনিদের সংসদে বসিয়েছিল, তারাই সব থেকে বড় অপরাধী।

“তারই সব থেকে বড় রাজাকার, সব থেকে বড় যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী অপরাধী। এদের বিচার হওয়া উচিৎ। দেশবাসীকে সেজন্য সোচ্চার হতে হবে। যুদ্ধাপরাধীদের যারা মন্ত্রী বানাল, তাদেরও বিচার হওয়া উচিৎ।”

একাত্তরের শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শেষে আদালতের রায় কার্যকরের মধ‌্যে মঙ্গলবার আওয়ামী লীগের এক যৌথসভায় পৃষ্ঠপোষকদের বিচারের কথাও বললেন সরকার প্রধান।

পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত‌্যাকাণ্ডের পর জিয়াউর রহমান, এইচ এম এরশাদ এবং খালেদা জিয়ার সরকারে স্থান পেয়েছিল স্বাধীনতাবিরোধীরা।

তাদের মধ‌্যে খালেদা জিয়ার সরকারের মন্ত্রী মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ এবং মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের পর মৃত‌্যুদণ্ডের শাস্তি কার্যকর হয়েছে।

জিয়ার মন্ত্রী আব্দুল আলীম দণ্ড ভোগের মধ‌্যে কারাগারে মারা যান। এরশাদের মন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত‌্যুদণ্ডাদেশ হয়েছে। সালাউদ্দিন কাদের মন্ত্রী ছিলেন এরশাদের সরকারেও।

২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর নানা চাপের মধ‌্যেও একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের উদ‌্যোগ নেওয়া শেখ হাসিনা বলেন, “যারা মা-বোনদের পাকিস্তান আর্মির হাতে তুলে দিয়েছিল, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, লুটপাট-অগ্নিসংযোগ করেছে, তাদের বিচার আমরা করছি। বাংলাদেশ অভিশাপমুক্ত হচ্ছে।”

এই বিচার নিয়ে বিএনপি নেতাদের প্রশ্ন তোলার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “এদের (সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী) জন্য এত মায়াকান্না কেন? এত দরদ কেন?”

“যারা তাদের আপনজনকে হারিয়েছে, তাদেরও তো বিচার চাওয়ার অধিকার আছে।”

এই প্রসঙ্গে বলতে গিয়ে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর ভিটায় একাধিকবার অগ্নিসংযোগের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনকে সামনে রেখে গণভবনে এই যৌথসভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে বৈঠক করেন দলীয় প্রধান শেখ হাসিনা।