২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না ফিরলে তামিম চৌধুরীর পরিণতি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িতদের সংখ্যা বেশি নয় জানিয়ে যারা এই পথ থেকে ফিরবে না তাদেরকে নারায়ণগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে নিহত তামিম চৌধুরীর মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2016, 11:47 PM

Updated : 12 Apr 2022, 02:45 AM

শনিবার বিকালে রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ আয়োজিত ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী বলেন, “যারা জঙ্গি কার্যক্রম চালাচ্ছে তারা সংখ্যায় বেশি নয়। অনেকে অপরাধ স্বীকার করে ফিরে আসছে।

“যারা এ পথ থেকে ফিরবে না, তাদেরকে তামিম চৌধুরীর মতো পরিণতি ভোগ করতে হবে।”

এর আগে সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় আইন শৃঙ্খলাবাহিনীর অভিযানে তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়। তামিমকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা ছাড়াও শোলাকিয়া ও আরও কয়েকটি হামলার মূলহোতা বলে দাবি করছে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। যারা অগ্নিসন্ত্রাস চালিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তারা টার্গেট কিলিং চালিয়েও ব্যর্থ হয়েছে।

“এখন আইএসের নামে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের জনগণ অগ্নি সন্ত্রাস ও জঙ্গিবাদকে ঘৃণা করে।”

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ অপুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে আইএসের অস্তিত্ব নাকচ করেন মন্ত্রী।

তিনি বলেন, “বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, এখানে যারা জঙ্গি কার্যক্রম করছে এরা দেশিয় জেএমবি, হুজি, আনসারুল্লা বাংলাটিম, হামজা ব্রিগেডের সদস্য। তাদের শিকড় একই জায়গায় প্রোথিত।

“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে উন্নয়নের রুলমডেল হিসেবে এগিয়ে নিচ্ছেন তখনই দেশকে অকার্যকর করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে।”

বাগমারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মো. এনামূল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি আখতার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও সাবেক এমপি মেরাজ হোসেন মোল্লা।