ইনুর জাসদে মশাল: স্থগিতাদেশ চেয়ে ইসিতে চিঠি
হাসানুল হক ইনু ও শিরীন আক্তারের নেতৃত্বাধীন জাসদকে দেওয়া মশাল প্রতীক ব্যবহারের অনুমোদন স্থগিত রাখতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান নেতৃত্বাধীন জাসদ।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে এক চিঠি পাঠিয়ে এ আহ্বান জানানো হয় বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় জাসদের আম্বিয়া-প্রধান অংশ।
এই অংশের দপ্তর সম্পাদক ইউনুসুর রহমান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনু নেতৃত্বাধীন অংশকে মশাল প্রতীক বরাদ্দের বিরুদ্ধে একটি পর্যালোচনার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতীকটি ব্যবহারের অনুমোদনের ওপর এই স্থগিতাদেশ চাওয়া হয়।
কয়েকজন আইনজীবীসহ নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে জাসদ একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ওই আবেদনপত্রটি জমা দেন বলে জানানো হয়।
গত ১২ মার্চ সর্বশেষ জাতীয় কাউন্সিলে শিরীন আখতারকে সাধারণ সম্পাদক করা নিয়ে দুই ভাগ হয় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। হাসানুল হক ইনু ও শিরীনের কমিটির পাশাপাশি পাল্টা কমিটি গঠন করেন দলের জ্যেষ্ঠ তিন নেতা মাইনুদ্দিন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান ও তাদের অনুসারীরা।
এরপর দুই অংশই নির্বাচন কমিশনের শুনানিতে নিজেদের ‘মূলধারা’ দাবি করে তাদের অনুকূলে জাসদের মশাল প্রতীক বরাদ্দ চায়। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ১৩ এপ্রিল ইনু-শিরীন নেতৃত্বাধীন জাসদকে মূলধারা হিসেবে স্বীকৃতি এবং ২৮ এপ্রিল তাদেরকে মশাল প্রতীক দেয় নির্বাচন কমিশন।
আম্বিয়া-প্রধান অংশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতীক বরাদ্দের এই সিদ্ধান্ত পর্যালোচনার জন্য গত ১২ মে নির্বাচন কমিশনে আবেদন করা হলেও তার কোনো জবাব না দেওয়াতে হাই কোর্টে রিট আবেদন করেন তারা।
তাদের আবেদনে বলা হয়, নির্বাচন কমিশন ইনু-শিরীন পক্ষকে দলীয় প্রতীক মশাল বরাদ্দ দেওয়ায় অপূরণীয় ক্ষতি হচ্ছে আবেদনকারী জাসদের, যাদের মশাল প্রতীক বরাদ্দ পাওয়ার ব্যাপারে শ্রেয়তর দাবি ও যুক্তি রয়েছে।
তাদের এই আবেদনে সাড়া দিয়ে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদউল্লাহর হাই কোর্ট বেঞ্চ গত ২২ জুন আদেশ পাবার এক মাসের মধ্যে জাসদের পর্যালোচনার আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশনা দেয়।
তাই জাসদের পর্যালোচনার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইনু নেতৃত্বাধীন অংশকে মশাল প্রতীক বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করতে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
