২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গলাবাজি নয়, কাজের মাধ্যমে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান: কাদের

বক্তৃতা-বিবৃতির মাধ্যমে নয়, সততার সঙ্গে কাজের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে নিজ মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 04:42 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা কর্মচারী হই, মন্ত্রী হই, প্রকৌশলী হই, সচিব হই, যেখানেই আমরা থাকি, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা যদি আমরা দেখাতে চাই, তাহলে যার যার কাজ সততার সঙ্গে যেন করি।

“সেটাই হবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রকৃত উপায়। আর যারা বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে অপকর্ম করি, তারা বঙ্গবন্ধুর আত্মাকে কষ্ট দিচ্ছি।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রসঙ্গ তুলে যারা মানুষের মন থেকে তাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিল তারাই ইতিহাস থেকে মুছে যাচ্ছে বলেও মন্তব্য করেন কাদের।

“অবমূল্যায়নের ছোরা দিয়ে, ষড়যন্ত্রের ছোরা দিয়ে ৪১ বছর ধরে কতো প্রচেষ্টা হয়েছে, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার জন্য। কিন্তু তাদের হিসাবে অনেক ভুল ছিল।

“তারা ভেবেছিল শেখ মুজিবকে বাংলাদেশ ভুলে যাবে। তাকে ভুলিয়ে দেওয়ার জন্য টুঙ্গীপাড়ার গাঁয়ে সবার অলক্ষ্যে তাকে সমাহিত করা হয়। বাংলাদেশের ইতিহাস বলছে, তিনি আজ সেই সমাধি থেকে জেগে উঠেছেন। যারা তাকে ভুলিয়ে দিতে চেয়েছিল, তাদের আজ ইতিহাস ভুলে যাচ্ছে। জনগণ আজ তাদের ভুলে যাচ্ছে।”

বঙ্গবন্ধুকে নতুন করে প্রতিষ্ঠিত করার কিছু নেই বলেও সভায় মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

“অনেকের কথায় মনে হয়, বঙ্গবন্ধু যেন প্রতিষ্ঠিত নন, তাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এই বৃথা চেষ্টাটা না করলেই ভালো হবে। তিনি প্রতিষ্ঠিত, তাকে নতুন করে প্রতিষ্ঠিত করার কিছু নেই।”

২০০৯ সালে ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে নিয়ে অনেক ষড়যন্ত্র হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “জাতীয় দিবসে তিনি নিষিদ্ধ, টুঙ্গীপাড়ায় নিষিদ্ধ, ৩২ নম্বরে নিষিদ্ধ, কী ঘণঘোর অমানিশা আমাদের জীবনে, শেখ হাসিনার জন্য ৩২ নম্বরের বাড়ি নিষিদ্ধ ছিল অনেকদিন।

“বিজয় দিবসে বঙ্গবন্ধু নেই, বেতারে নেই, টেলিভিশনে নেই, স্বাধীনতা দিবসে স্বাধীনতার স্থপতি নেই, বিজয় দিবসে বিজয়ের মহানায়ক নেই।”

জাতীয় শোক দিবস উপলক্ষে সভার পর গণভোজের আয়োজিনও ছিল সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া দুলাল।