২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিমা রহমানসহ ৬৭ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বরকতউল্লাহ বুলুসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 03:03 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

গতবছরের টানা অবরোধ-হরতালের মধ্যে দায়ের করা এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার এক নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের জজ কামরুল হোসেন মোল্লা বুধবার পরোয়ানা জারির এ আদেশ দেন।  

যে ৬৭ জনের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ হয়েছে, তাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, একান্ত সচিব অ্যাডভোকেট শামসুজ্জামান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, মহিলা দলের নেত্রী শিরিন সুলতানা ও কাইয়ুম কমিশনারও রয়েছেন।

আসামিদের আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকার মুগদা থানায় এই মামলা করে পুলিশ। এরপর ওই বছর ৮ জুলাই ৯৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

বিএনপি নেতা এম কে আনোয়ার ও মকবুল আকন্দ বুধবার আদালতে উপস্থিত হয়ে এ মামলায় জামিন নিয়েছেন বলে সানাউল্লাহ মিয়া জানান।

এ নিয়ে পরপর দুই দিন দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো বিএনপি নেত্রী সেলিমা রহমানের বিরুদ্ধে।

আগের দিন মঙ্গলবার আরেকটি মামলায় সেলিমাসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মহানগর হাকিম খোরদেশ আলম।