২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌমন্ত্রীর মিছিলে বোমা: খালেদার বিরুদ্ধে প্রতিবেদন ৪ অক্টোবর

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বেড়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 11:09 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী সোমবার শুনানি শেষে মামলার প্রতিবেদন দেওয়ার জন্য নতুন দিন ঠিক করে দেন।

আগামী ৪ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমার নতুন দিন ধার্য করা হয়েছে বলে জানান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসআই ফরিদ মিয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার মামলার তদন্ত প্রতিবেদন জমার ধার্য দিন ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন এ তারিখ ধার্য করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়।

সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার উদ্দেশে রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশে সেখানে বোমা নিক্ষেপ করে।

এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।