রামকৃষ্ণ মিশনের মতো দেশ চালাতে আসিনি: নাসিম
পঁচাত্তরে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার আগে নেতাকর্মীরা ‘ক্ষমতার মোহে অপ্রস্তুত’ ছিল মন্তব্য করে সেই সময়ের দুর্বলতা আওয়ামী লীগ আর কোনোদিন দেখাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় তিনি বলেন, “ক্ষমতার মোহে পড়ে পঁচাত্তরের আগে আমরা অপ্রস্তুত ছিলাম, আমরা নিজেদের রক্ষার কথা ভাবিনি। এবার কোনো আঘাত আসলে আর ছাড় দেওয়া হবে না।
“…বাংলাদেশে আওয়ামী লীগ পঁচাত্তর সালে যে দুর্বলতা দেখিয়েছে, এই দুর্বলতা আর কোনোদিন দেখাবে না। রামকৃষ্ণ মিশনের মত দেশ চালাতে আসিনি। সবাইকে সতর্ক থাকতে হবে… সতর্ক থাকতে হবে।”
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।
পঁচাত্তরের মতো এবার আওয়ামী লীগ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর কোনো আঘাত এলে তাকে রক্ষায় ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে বলে সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশে বলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।
“এবার আগে থেকেই ছাত্রলীগ শেখ হাসিনাকে রক্ষা করতে এগিয়ে যাবে। যে কোনো আঘাত আসলেই ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে।”
সাম্প্রতিক সময়ের জঙ্গি হামলার প্রেক্ষাপটে জঙ্গিবাদ প্রতিরোধে ছাত্রলীগ নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
“সারা দেশে ছাত্রলীগের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগকে অভিযান চালাতে হবে। তাদেরকে (জঙ্গিদের) বুঝাতে হবে… যাতে করে এই পথ পরিহার করে। তার পরও না বুঝলে তাদের স্থান হবে আঞ্জুমান মুফিদুল ইসলামে।”
সামরিক বাহিনী থেকে রাষ্ট্রক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করা জিয়াউর রহমান, সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া- এই তিনজনই পঁচাত্তরের পর বাংলাদেশের মানচিত্র ও পতাকা পরিবর্তনের ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা নাসিম।
“পচাত্তরের পর থেকে দীর্ঘ দিন ধরে দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। জিয়া, এরশাদ, খালেদা তিনজনই বাংলাদেশের মানচিত্র পরিবর্তন করতে চেয়েছিল। তারা লাল সবুজের পতাকা পরিবর্তন করতে চেয়েছিল।”
বিএনপি নয়, জনগণের সঙ্গে জঙ্গিবাদবিরোধী ঐক্য হবে মন্তব্য করে বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গুলশানের জঙ্গি হামলাকে আপনি রক্তাক্ত অভ্যুত্থান বলেন, আপনি এ ভাষা ত্যাগ করেন, এর আমি প্রতিবাদ করলাম।
“খালেদা জিয়ার আরো বলেছেন, ‘নির্বাচন দিন’… তার মানে কি? এই জঙ্গিবাদের সাথে এর সম্পর্ক আছে, এজন্য তারাই এরকম ঘটনা ঘটাচ্ছে।”
নাসিম বলেন, “তাহলের কার সঙ্গে ঐক্য হবে? এই খালেদা… যিনি প্রকাশ্যে বলেছেন, গুলশানের জঙ্গি হামলা রক্তাক্ত অভ্যুত্থান হয়েছে, তার সাথে কোন ঐক্য হবে না।
“এই ঐক্য হবে শুধু জনগণের সাথে, যারা বৃষ্টিতে ভিজে স্বতঃস্ফুর্তভাবে জঙ্গিবিরোধী মানববন্ধনে দাঁড়িয়েছে, ঐক্য হবে তাদের সাথে। যারা এসি রুমের গোল টেবিলে বসে ঐক্যের কথা বলে তাদের সাথেও কোনো ঐক্য নয়, হবেও না।”
আগামী জাতীয় নির্বাচনে একাত্তরে অপশক্তিদের আসতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।
ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাংসদ সদস্য র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বক্তব্য দেন।
