২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ঐক্য: খালেদাকে দুই শর্ত কাদেরের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতীয় শোক দিবসে ‘ভুয়া জন্মদিনের কেক কাটা বন্ধ’ ও ‘বোমা মেরে মানুষ হত্যার জন্য’ ক্ষমা চাওয়ার শর্ত দিয়ে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, তা হলেই কেবল তার জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্যের ডাক নিয়ে চিন্তা-ভাবনা করবেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 02:26 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় গুলশান হামলার পর খালেদা জিয়ার দেওয়া জাতীয় ঐক্যের ডাকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার ভুল স্বীকার করে ক্ষমা চাইলে এবং ১৫ অগাস্ট ভুয়া জন্মদিনে কেক কাটা বন্ধ করলে আমরা ঐক্যের বিষয়টি চিন্তা-ভাবনা করবো।”

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলার পর বিএনপি চেয়ারপারসন জাতীয় ঐক্যের ডাক দিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতোমধ্যে সে ঐক্য হয়ে গেছে। তারপরও জঙ্গিবাদ দমনে খালেদা জিয়ার জাতীয় ডাকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন বিএনপি নেতারা। 

অন্যদিকে আওয়ামী লীগ নেতারা ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিন জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উদযাপনের সমালোচনা করে আসছেন।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ‘বোমা মেরে মানুষ হত্যার’ জন্যও ক্ষমতাসীন দলটির নেতারা দায়ী করছেন বিএনপি-জামায়াত জোটকে; যারা নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় ওই নির্বাচন বর্জন করে।

ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “জাতীয় ঐক্যের কথা যারা বলে এবং যারা বলেন, আওয়ামী লীগ জাতীয় ঐক্য চায় না; আমরা কাদের সঙ্গে জাতীয় ঐক্য করব?

“যারা বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে, পুনর্বাসিত করেছে- তাদের সঙ্গে ঐক্য? যারা জাতির পিতার শাহাদাৎবার্ষিকীতে কেক কাটার উৎসব করছে, তাদের সঙ্গে জাতীয় ঐক্য? এই অবস্থায় আপনি কি পারতেন ঐক্য করতে, খালেদা জিয়া? আমি যুক্তিতে আসতে চাই।”

১৫ অগাস্ট জাতীয় শোক দিবস নিয়ে আওয়ামী লীগের ‘আবেগের আচ্ছন্নতা আছে’ উল্লেখ করে এক্ষেত্রে কোনো আপস সম্ভব নয় বলে মন্তব্য করেন দলটির সভাপতিমণ্ডলীর এই সদস্য।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, “আমরা সেই শোকের প্রস্তুতি নিচ্ছি। আর বিএনপি ভুয়া জন্মদিনের কেক কাটার প্রস্তুতি নিচ্ছে। কী নির্মম, কী নিষ্ঠুর রাজনীতি।

“জন্মদিবস নয়, তারপরও জন্মদিবস বানিয়ে জাতির জনকের শাহাদাৎবার্ষিকীতে কেক কাটার উৎসব বাংলাদেশের রাজনীতিতে। এখানে জাতীয় ঐক্য কীভাবে হবে?”

বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ডের মদদ দেওয়ার জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে তিনি বলেন, “যারা উগ্রবাদের লালন, পালন ও চর্চা করে, তাদের সঙ্গে উগ্রবাদবিরোধী জাতীয় ঐক্য কী করে হবে আমি বুঝি না।”

ওবায়দুল কাদের সভায় শেখ কামালের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, খেলাধুলা ও নিয়মতান্ত্রিক জীবনযাপনের কথা তুলে ধরেন এবং যুব সমাজকে জঙ্গিবাদমুক্ত থাকার জন্য তাকে অনুসরণের আহ্বান জানান। 

“শেখ কামাল বর্তমানে তরুণদের রোল মডেল হতে পারেন। তাকে অনুসরণ করলে তরুণদের কোনোভাবে উগ্রবাদে জড়িয়ে পড়া সম্ভব নয়।"

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্ব সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।

১৯৪৯ সালের ৫ অগাস্ট তখনকার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে শেখ কামালের জন্ম।

ছেলেবেলা থেকেই খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় আগ্রহী শেখ কামাল আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা এবং ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। সেতার বাজাতে পারঙ্গম কামালের হাত ধরেই ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’ যাত্রা শুরু করেছিল।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের।

ধানমন্ডির ৩২ নম্বরে বাড়ির নিচতলায় কামালকে গুলি করে হত্যা করার পর দোতলায় ওঠার সিঁড়িতে খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে। সেদিন ওই বাড়িতে হত্যা করা হয় বঙ্গবন্ধু পরিবারের সবাইকে।

তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

শুক্রবার নানা কর্মসূচিতে শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকী পালন করছে আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন সহযোগী সংগঠন ও আবাহনী ক্রীড়া চক্র।