বিরোধীদলকে নিষ্ক্রিয় করার অস্ত্র ‘মিথ্যা মামলা’: ফখরুল
বিরোধী দলকে ‘নিষ্ক্রিয়’ করতে সরকার ‘মিথ্যা মামলাকে’ অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলার সংখ্যা অসংখ্য, মনে হয় এক লক্ষ ছাড়িয়ে গেছে।
“আমাদের শীর্ষ নেতাদের কারও বিরুদ্ধেই ২৫টার নিচে মামলা আছে বলে মনে হয় না। এভাবে মামলা দিয়ে তারা প্রধান বিরোধী দলকে একেবারেই অকার্য্কর করে রাখতে চায়।”
‘রাজনৈতিক দেউলিয়াত্বের’ কারণেই আওয়ামী লীগ ‘মিথ্যা মামলাকে’ অস্ত্র হিসেবে নিয়েছে বলে মনে করেন ফখরুল।
“… আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেজন্য অগণতান্ত্রিক কার্য্কলাপ ও জনবিরোধী কার্য্কলাপ দিয়ে তাদের বিরোধী দলকে বন্ধ করে রাখতে হচ্ছে।”
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রসঙ্গে ফখরুল বলেন, যে মামলাটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তার এফআইআরে রিজভীর নাম ছিল না। অভিযোগপত্র দাখিলের সময়ে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা তিনি এবং তার আইনজীবীরাও জানতেন না।
তিনি বলেন, “দ্রুততার সঙ্গে মামলাটি সিএমএম কোর্ট থেকে বিচারিক আদালতে স্থানান্তর করা হয়েছে, যা অস্বাভাবিক ব্যাপার। উদ্দেশ্যটা পরিস্কার, রিজভীকে হয়রানি অথবা গ্রেপ্তার করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে।
“আমরা আইন মেনে চলি। প্রতিদিন আমরা আদালতে যাচ্ছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত আদালতে যান। রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার উদ্দেশ্য তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা।”
রুহুল কবির রিজভী এখন গ্রেপ্তার এড়িয়ে চলছেন বলে এক প্রশ্নে ফখরুল জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, খায়রুল কবীর খোকন, সাখাওয়াত হোসেন জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।
