২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ ‘সুইচ টেপায়’ জঙ্গি বেরোয়নি: সেলিম

জঙ্গিবাদকে বহুমাত্রিক বিপদ হিসাবে অ্যাখ্যা দিয়ে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সম্মিলিত প্রতিরোধ না গড়ায় বহু দিনের ধারাবাহিকতায় বাংলাদেশে এর বিকাশ ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 12:04 AM

Updated : 11 Oct 2022, 08:33 PM

রোববার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “জঙ্গিবাদ এক মাত্রিক কোনো বিপদ নয়, এর বহুমাত্রিকতা আছে। এটার উৎস কেবল ইলেকট্রিক সুইচের মতো নয়, হঠাৎ করে কেউ একজন সিদ্ধান্ত নিল আর সাম্প্রদায়িক জঙ্গিবাদের উদয় হল। এটা বহু দিনের ধারাবাহিকতায় কিন্তু আমরা এ জায়গায় এসেছি।

“অর্থনৈতিক ও সামাজিকভাবে এবং দেশের পাশাপাশি বৈশ্বিক পরিমণ্ডল বিবেচনায় নিয়ে বুঝতে না পারলে দেশকে এর থেকে মুক্ত করা সম্ভব হবে না।”

ব্রিটিশদের মাধ্যমে সাম্প্রদায়িকতা শুরুর ধারাবাহিকতায় জামায়াত-শিবিরের ‘রগকাটার’ রাজনীতি, গুপ্তহত্যা এবং পরবর্তীতে বিভিন্ন বোমা হামলা ও গণজাগরণ মঞ্চের আন্দোলনের পর গুপ্তহত্যার মধ্য দিয়ে গুলশান ও শোলাকিয়ায় তা বড় আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন সেলিম।

দলীয় মুখপত্র সাপ্তাহিক একতার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলটেবিল আলোচনায় সিপিবি সভাপতির এসব বক্তব্য আসে।

হতাশা এবং নিজেকে প্রকাশের সুযোগের অভাবকে তরুণদের জঙ্গিবাদমুখী হওয়ার কারণ হিসেবে চিহ্নিত করেন সত্তরের দশকে ডাকসুর ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, “হতাশা দুদিক থেকে। অর্থনৈতিকভাবে তার ভবিষ্যতের নিশ্চয়তা যখন সে দেখতে পায় না, হয়তো লুটপাট করে কোটি কোটি টাকা কামাই করলেও তা ভবিষ্যতের কোনো নিশ্চয়তা দিতে পারে না। আর নিরন্ন মানুষের ক্ষেত্রেও অনিশ্চয়তার প্রশ্নটি বড়।

“যুবক বয়সের একটা ধর্ম হলো সেলফ এক্সপ্রেশন; নিজের ব্যক্তিত্বকে সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য ভিতরে একটা তাগিদ সৃষ্টি হয়। আমরা যদি তাকে ভাল পথে এটা ব্যবহারের সুযোগ না দিই, সেটা একটা অসুস্থ পথে অবধারিতভাবে যাবে।”

ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ থাকায় শিক্ষার্থীরা নিজেকে প্রকাশের সুযোগ পাচ্ছে না বলে মন্তব্য করেন সেলিম।

তিনি বলেন, “মনোজাগতিক জায়গা বিকশিত করার দুটো জায়গা শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যম। গণমাধ্যম যখন রাজনৈতিক ও সামাজিক দায়িত্ববোধটা উপলব্ধির ভিতরে নিয়ে এসে কাজে অগ্রসর হবে, তখনই সম্মিলিতভাবে আগালে জঙ্গিবাদকে মোকাবেলা করা যাবে।”

অনুষ্ঠানে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, শিক্ষা ও সমাজ সংস্কৃতির জায়গা যদি ঠিকমতো কাজে লাগাতে না পারা যায় তাহলে এটা ঘটতে থাকবে। যেসব তরুণ সমাজ সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন তাদের ফিরিয়ে আনা কঠিন।

অধ্যাপক এএন রাশেদার সভাপতিত্বে অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন সাংবাদিক মাহবুব আলম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান তারিক চৌধুরী সোহেল, সাংবাদিক আজাদ হোসেন সুমন।