কোনো দল নয়, জঙ্গিবাদ ধ্বংস করতে চাই: ইনু
নির্দিষ্ট কোনো দল নয়, বর্তমান সরকার জঙ্গিবাদকে ধবংস করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার রাজধানীর ওসমানী মিলনায়তনে বাংলাদেশ বেতার আয়োজিত এক আলোচনা সভায় দর্শকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা জঙ্গিবাদ ধ্বংস করতে চাই। কোনো দল কিংবা মতামতকে ধ্বংস করতে চাই না।
“দেশ, সমাজ, ধর্ম, সংস্কৃতি, বাঁচানোর জন্য আমাদের সরকার জঙ্গি-সন্ত্রাস দমনে কাজ করছে, অন্য কোনো লক্ষ্যে নয়।”
খালেদা জিয়াকে ‘জঙ্গিনেত্রী’ বলে আখ্যায়িত করে আসা জাসদ সভাপতি ইনু সম্প্রতি নিজের এক বক্তব্যের জন্য সমালোচনার মধ্যে জঙ্গি দমন নিয়ে একথা বললেন।
মঙ্গলবার কল্যাণপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হওয়ার পরদিন অনুষ্ঠিত এই সভায় মন্ত্রী জঙ্গি দমনে ‘সর্বাত্মক’ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।
“জঙ্গিবাদ দমন করতে মুখ দেখে দল দেখে চলা যাবে না। সাপ, মা সাপ, সাপের বাচ্চা ও ডিম ধ্বংস করে দিতে হবে।”
জঙ্গি উত্থানের পেছনে ‘দেশবিরোধী চক্র’ জড়িত থাকতে পারে মন্তব্য করে ইনু বলেন, “ঘটনার পেছনেও ঘটনা আছে। সেই বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে সর্বশেষ কল্যাণপুরের ঘটনাও এক সূত্রে গাঁথা।”
প্রশ্নোত্তর পর্বে তিনি মুদ্রাপাচার মামলায় তারেক রহমানের সাজার বিষয়টি নিয়েও আলোচনা করেন।
“এই মামলাটির তদন্ত হয়েছিল আমেরিকা থেকে, পরে বাংলাদেশে কোর্টেও প্রমাণিত হয়েছে যে টাকা চুরি হয়েছে এবং এটাতে সে (তারেক রহমান) জড়িত।”
“চুরি দমন করেছি, কোনো দল দমন করিনি,” বলেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এফ এম নেসার উদ্দিন ভুইয়া, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজাল।
