২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐক্যের ডাকে সাড়া পাচ্ছি: নোমান

জঙ্গিবাদ মোকাবিলায় ‘বড় প্লাটফর্ম’ গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে জাতীয় ঐক্য গড়ার ডাকে ভালো সাড়া পাওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 02:39 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

বুধবার রাজধানীতে এক প্রতিবাদ সভায় তিনি বলেন, “জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দল  ও মতের যারা নেতৃত্বে আছেন, যারা ব্যক্তি হিসেবে ব্যক্তিত্বধারী, সুশীল সমাজ, তাদের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা তাদের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছি।”

জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় সভা কক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মহানগর দক্ষিণের উদ্যোগে ‘উচ্চ আদালতে তারেক রহমান ন্যায় বিচার পাননি’ শীর্ষক এই প্রতিবাদ সভা হয়।

গুলশান ও শোলাকিয়ায় হামলার পর জঙ্গিবাদ মোকাবেলায় বিএনপি ‘জাতীয় ঐক্য’ গড়ার আহ্বান জানালেও জামায়াত-সঙ্গের কারণ দেখিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ তা প্রত্যাখ্যান করে আসছে।

দীর্ঘদিন সংসদের বাইরে থাকা দলটি এখন জঙ্গিবাদবিরোধী ঐক্যের পথে সরকারবিরোধী নতুন রাজনৈতিক জোট গড়ার চেষ্টা চালাচ্ছে। এই প্রক্রিয়া জামায়াতসহ পুরনো জোটশরিক ইসলামী দলগুলোকে রাখা হচ্ছে না বলে দলের কয়েকজন নেতা জানিয়েছেন।

নোমান বলেন, “যাদের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলেছেন, খালেদা জিয়া যে উদ্যোগ গ্রহণ করেছেন, যে বক্তব্য দিয়েছেন জাতির সামনে- ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ ও জনগণ বড়’- তার এই বক্তব্যকে আমরা সমর্থন করি, সহযোগিতা করি। আমরা আমাদের অবস্থান থেকে অথবা আমরা একটা বড় প্ল্যাটফর্মের মাধ্যমে ঐক্যবদ্ধ হব- এই আশা অনেক নেতৃবৃন্দ আমাদেরকে দিয়েছেন।”

জঙ্গিবাদকে ব্যধি আখ্যায়িত করে তিনি বলেন, একে রুখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা ১৪ দলীয় ঐক্যজোটের মাধ্যমে যে ঐক্যের কথা বলেছেন- জাতীয় ঐক্য হয়ে গেছে, জাতি ঐক্যবদ্ধ হয়েছে- সেটা ১৪ দলীয় ঐক্য, জাতীয় ঐক্য নয়। এই ১৪ দল জনগণের মধ্যে নেই, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা নির্বাচিত সরকার নয়।

দেশে গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদ আরও বাড়বে এমন শঙ্কাও প্রকাশ করেন তিনি।

তারেক রহমানের মামলাকে ‘রাজনৈতিক’ উল্লেখ করে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে মন্তৗ্য করেন তিনি।

“মামলার রায় অবশ্যই এই সরকারকে অথবা এই সরকারের পরে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে অথবা যদি কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, তারেক জিয়ার মামলা প্রত্যাহার হবে। যারা (মামলা) দিয়েছে, তারাই প্রত্যাহার করবে।”

জাসাস মহানগর দক্ষিণের সহসভাপতি গিয়াসউদ্দিন টমাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাস কেন্দ্রীয় সভাপতি এমএ মালেক বক্তব্য দেন।