‘বিচারবহির্ভূত’ হত্যা বন্ধ করবে বিএনপি: মওদুদ
ক্ষমতায় গেলে বিএনপি ‘বিচারবহির্ভূত হত্যা’ বন্ধ করবে বলে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
রোববার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “আজকে একদিকে গুম, হত্যা, বিচারবহির্ভূত হত্যা, ক্রসফায়ার, এনকাউন্টার চলছে। অন্যদিকে উগ্রবাদ ও জঙ্গিবাদের উত্থান হচ্ছে। দেশে কোনো জবাবদিহিতামূলক জনপ্রতিনিধিত্বশীল সরকার নাই, সেই কারণে আজকে এসব ঘটনা ঘটছে।
“আমরা দৃঢ়ভাবে বলতে পারি, বিএনপি যদি আবার ক্ষমতায় যায়, বাংলাদেশে কোনো ব্যক্তি গুম হবে না, বিনা বিচারে কাউকে আটক রাখা হবে না এবং কাউকে বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হবে না। আমরা এটা (বিচারবহির্ভূত হত্যা) বন্ধ করে দেব।”
রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন মওদুদ, যিনি আইনমন্ত্রী থাকার সময় অপারেশন ক্লিনহার্টে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বহু অভিযোগ রয়েছে।
মওদুদ বলেন, “জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থান- এই যে ব্লগার, প্রকাশক, মসজিদের মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, বৌদ্ধদের ভিক্ষু মারা গেলেন। আপনারা (সরকার) বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের জিরো টলারেন্সের কথা। যদি জিরো টলারেন্স হয়ে থাকে, তাহলে এসব মৃত্যু কেন ঘটছে?
“সত্যিকার অর্থে আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের যে বক্তব্যটা রাখেন, সেই বক্তব্যটা সত্য নয়। কারণ আপনারা একটা বিচারও শুরু করতে পারেন নাই।”
ছিনতাইকারী ও চাঁদাবাজদের ঠেকাতে পুলিশ প্রয়োজনে গুলি চালাবে বলে সম্প্রতি ঢাকার পুলিশ কমিশনারের বক্তব্যের সমালোচনা করেন মওদুদ।
তিনি বলেন, “গতকাল পত্রিকায় দেখলাম, এক ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তা বলেছেন, চাঁদাবাজি-রাহাজানি যারা করে, তাদের গুলি করার অনুমতি তিনি দিয়েছেন। তাহলে দেশ কে চালাচ্ছে? দেশে কি একটা সরকার আছে? একজন পুলিশ অফিসার কি এটা বলতে পারেন বা কেউ কি বলতে পারেন? কেন বলছেন- কারণ দেশে কোনো জবাবদিহিতা নাই, সেজন্য।”
সভায় এম ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ দলের নিখোঁজ নেতাকর্মীদের সন্ধান দাবির পাশাপাশি দীর্ঘদিন পর ভারতের শিলিংয়ে খোঁজ পাওয়া নেতা সালাহ উদ্দিন আহমেদকেও স্মরণ করা হয়।
এছাড়া নিখোঁজ ছাত্রদল নেতা পারভেজ হোসেনের শিশুকন্যা রিধি, সাজেদুল ইসলাম সুমনের বড় বোন আঁখি, খালেদ হাসান সোহেলের স্ত্রীর শাম্মী সুলতানা, নিজামউদ্দিন মুন্নার বাবা শামসুদ্দিন আহমেদ স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানান।
বিএনপির সহসভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দেন।
