ড্যান্ডি ডাইং: খালেদার আবেদনে ফের সাক্ষ্য পেছাল
ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের দায়ের করা ৪৫ কোটি টাকার ঋণখেলাপি মামলার সাক্ষ্য গ্রহণ খালেদা জিয়ার সময়ের আবেদনের কারণে তৃতীয়বারের মতো পিছিয়ে গেছে।
রোববার বিএনপি চেয়ারপারসনের পক্ষে তার আইনজীবী সময়ের আবেদন করলে ঢাকার ১ নম্বর অর্থঋণ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমত জাহান সাক্ষ্য গ্রহণের জন্য ১২ জুলাই নতুন দিন ঠিক করে দেন।
সোনালী ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর হোসেন বলেন, “বিচারক বলেছেন, এই শেষবারের মত তারিখ পেছানো হল।”
এ মামলার বিচার্য বিষয়কে (ইস্যু গঠন) চ্যালেঞ্জ করে খালেদার পক্ষে হাই কোর্টে রিট আবেদন করার কথা জানিয়ে সাক্ষ্য পেছানোর আবেদন করেছিলেন তার অন্যতম আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
অন্যদিকে সোনালী ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর আলম এর বিরোধিতায় বলেন, বিবাদীপক্ষ হাই কোর্টের আদেশ দাখিল করতে না পারলে আদালত সময়ের আবেদনে গুরুত্ব না দিয়ে খারিজ করতে পারে।
শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ঠিক করে দেন।
এর আগে গত ১৭ এপ্রিল ও ১১ মে খালেদার সময়ের আবেদনের কারণে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেওয়া যায়।
চলতি বছর ২ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৫ বিবাদীর বিরুদ্ধে ইস্যু গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু করে আদালত।
৩ এপ্রিল এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর প্রথম দিন মামলার বাদী সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক নজরুল ইসলাম আদালতে আংশিক জবানবন্দি দেন।
৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপের অভিযোগে ২০১৩ সালের ২ অক্টোবর সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম অর্থ ঋণ আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার মূল আসামি আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর তার ওয়ারিশ হিসাবে মা খালেদা জিয়া, স্ত্রী শামিলা রহমান সিঁথি, মেয়ে জাহিয়া ও জাফিয়া রহমানকে এ মামালায় বিবাদী করা হয়।
মুদ্রাপাচারের এক মামলায় সাজাপ্রাপ্ত কোকো সপরিবারে মালয়েশিয়ায় থাকা অবস্থায় গতবছর জানুয়ারিতে কুয়ালালামপুরে মারা যান। সে সময় কোকোকে দাফনের জন্য দেশে এলেও পরে মেয়েদের নিয়ে মালয়েশিয়ায় ফিরে যান শামিলা। বর্তমানে তিনি থাইল্যান্ডে রয়েছেন বলে বিএনপি নেতাদের তথ্য।
ড্যান্ডি ডায়িং মামলার ১০ নম্বর বিবাদী মোজাফফর আহমেদের মৃত্যুর পরও তার স্ত্রী শামসুন্নাহার ও ছেলে মাসুদ হাসানকেও বিবাদী করেছিল সোনালী ব্যাংক।
মামলার অন্য বিবাদীরা হলেন- ড্যান্ডি ডায়িং লিমিটেড, খালেদার ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের ছেলে শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী নাসরিন আহমেদ, তারেকের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন ও তার স্ত্রী শাহিনা বেগম।
মামলার আরজিতে বলা হয়, ১৯৯২ সালে তিন কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করে ড্যান্ডি ডায়িং লিমিটেড। ১৯৯৩ সালের ৫ মে সোনালী ব্যাংক থেকে ১৩ কোটি ১৪ লাখ টাকা ঋণ নেন বিবাদীরা। এরপর ১৯৯৬ সালে সাঈদ এস্কান্দারের আবেদনে ব্যাংক কর্তৃপক্ষ আবার ঋণ মঞ্জুর করে।
২০১০ সালের ৪ এপ্রিল ড্যান্ডি ডায়িংকে দেওয়া ঋণের পরিমাণ দাঁড়ায় ৪২ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা, বারবার তাগাদার পরও যা পরিশোধ করেননি বিবাদীরা।
এর আগে ২০০১ সালে ব্যাংক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির ১২ কোটি ১৬ লাখ টাকার ঋণের জন্য প্রযোজ্য সুদ মওকুফ করেছিল।
