২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে আসলাম

ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 11:04 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

গ্রেপ্তারের পর ৫৪ ধারায় সাতদিন ও পরে রাষ্ট্রদ্রোহের মামলায় দুই দফায় ১২দিনসহ মোট ১৯ দিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো এই বিএনপি নেতাকে।

তৃতীয় দফায় রিমান্ড শেষে সোমবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।

মহানগর হাকিম এস এম মাসুদ জামান শুনানি শেষে বিএনপি নেতা আসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন।

এর আগে রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুল হক আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের একাধিক ছবি গণমাধ্যমে আসার পর গত ১৫ মে আসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এরমধ্যে তার বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। ওই মামলায় গত ৩১ মে আসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় গত ৮ জুন আসলামকে আদালতে হাজির করে নতুন করে রিমান্ড চাওয়া হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে নেওয়ার অনুমতি দেয় আদালত।

কিছুদিন আগে বিএনপিতে যুগ্ম মহাসচিবের পদ পাওয়া আসলামকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া তিনটি নাশকতার মামলায়ও গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রাষ্ট্রদ্রোহ মামলার এজাহারে বলা হয়, আসলাম চৌধুরী গত ৫ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ভারতে অবস্থানকালে আইনানুগভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বহিভূত রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেন।

যার কিছু ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই ষড়যন্ত্রের অংশ হিসেবে আসামিরা সরকারকে অবৈধভাবে উৎখাতের জন্য দেশে সন্ত্রাস, নাশকতা ও বিদ্বেষ সৃষ্টি করে। যা দেশে অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ এবং রাষ্ট্রদ্রোহের শামিল।

পুরনো খবর:

বিএনপি নেতা আসলাম ফের ৫ দিনের রিমান্ডে