২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার কারণ বিদ্রোহীরাও: আইনমন্ত্রী

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের অসহিষ্ণুতা ও বিদ্রোহী প্রার্থীর আধিক্যের কারণেও ‘বিচ্ছিন্ন কিছু সহিংসতা’ হয়েছে বলে জাতীয় সংসদে স্বীকার করলেন আইনমন্ত্রী আনিসুল হক।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 02:16 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে অসহিষ্ণুতা ও একই দলে বিদ্রোহী প্রার্থী থাকা ইত্যাদি কারণে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। ”

দেশের চার হাজার ৫৫৫টি ইউপির মধ্যে এবার ছয় ধাপে চার হাজার ৮৫টির ভোট শেষ হয় ৪ জুন। ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী সহিংসতায় শতাধিক মানুষের প্রাণহানি হওয়ায় সমালোচনার মুখে রয়েছে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূলের এই নির্বাচনে দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে ভোট করা নিয়েও চলছে সমালোচনা।

ভোটে অন্তত দেড় ডজন দল অংশ নিলেও চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা ২৬৭০ ইউপিতে ও ধানের শীষের প্রার্থীরা ৩৭২ ইউপিতে জয়ী হয়েছেন। বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান হয়েছেন ৮৮০ জন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।

নির্বাচনে গোলযোগ ও প্রাণহানির ঘটনাকে ‘অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত’ হিসেবে বর্ণনা করে আগামীতে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Image
ভোটে সংঘর্ষের এই চিত্র ব্রাহ্মণবাড়িয়ার

ভোটে সংঘর্ষের এই চিত্র ব্রাহ্মণবাড়িয়ার

সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক সংসদকে জানান, এবার প্রতি উপজেলায় ভোটগ্রহণের আগে-পরে মোট চারদিন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রতিটি সাধারণ কেন্দ্রে ২০ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২১ জন সশস্ত্র ও লাঠিধারী সদস্য মোতায়েন ছিল। নারী ও সংখ্যালঘুরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। তৃতীয় ধাপের নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করে অধিকতর সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

‘অসৎ উদ্দেশ্যে পরিচয়পত্রের তথ্য পরিবর্তন আবেদন’

সরকারি দলের এম আবদুল্লাহর প্রশ্নে আনিসুল হক বলেন, “জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগে অনেকে নিজের নাম, পিতা ও মাতার নাম সম্পূর্ণ পরিবর্তন এবং নিজের বয়স ১০ থেকে ৩০ বছর পরিবর্তন করার আবেদন করেন। এসব কাজে প্রয়োজনীয় দলিলপত্রের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে সরেজমিনে তদন্ত করতে হয়।

“অনেকে অসৎ উদ্দেশ্য হাসিল করতে, অর্থাৎ অন্যের জমি কেনাবেচা, ভুয়া নামে ব্যাংক হিসাব খুলতে, ভুয়া পাসপোর্ট তৈরি করতে, মোবাইল সিম কিনতে এবং ফৌজদারি মামলা হতে রেহাই পেতে জাতীয় পরিচয়পত্রের প্রকৃত তথ্য পরিবর্তন করতে চান। এসব কারণে কমিশনকে সতর্কতার সঙ্গে কাজ করতে হয় এবং আবেদনকারীদের সেবা দিতে কিছুটা বিলম্ব হয়।”

‘বিনিয়োগ বেড়েছে ৪৫.৪৬%’

দিদারুল আলমের প্রশ্নে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ২০১৪-১৫ অর্থবছরে বিনিয়োগ বোর্ড কর্তৃক নিবন্ধিত স্থানীয়, যৌথ ও শতভাগ বিদেশি বিনিয়োগ হয়েছে ১২ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলার। তার আগের অর্থবছরে বিনিয়োগ হয় ৮ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার। বিনিয়োগ বেড়েছে ৪৫ দশমিক ৪৬ শতাংশ।

মামুনুর রশীদ কিরনের প্রশ্নে মতিয়া চৌধুরী জানান, বর্তমানে দেশে ৭৬৫টি দেশি এবং ১৫৫টি বিদেশি এনজিওর কার্যক্রম চলমান আছে।

পুরনো খবর:

২৮টি দল পেল মাত্র ৪% ভোট
বিএনপির অর্ধ কোটি বেশি ভোট আওয়ামী লীগের বিদ্রোহীদের
নির্বাচন এভাবে হোক, তা চাইনি: প্রধানমন্ত্রী