২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু নির্বাচন চান ওবায়দুল কাদের

দেশের নেতৃত্ব বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবি জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 05:25 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই দিনব্যাপী ‘বর্ধিত সভা ও কর্মশালা ২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “গত ২৪ বছরে ডাকসুর নিবার্চন হয় না। নির্বাচন সচল থাকলে আমরা ৪৮ জন নেতাকে পেতাম।

“গণতন্ত্রের জন্য, নেতৃত্ব বিকাশের জন্য ডাকসুর নির্বাচন দেওয়া উচিত। কিন্ত আজ সেটা বন্ধ হয়ে আছে।”

এসময় ডাকসু নির্বাচনের ব্যবস্থা করার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের।

সর্বশেষ ১৯৯০ সালের ডাকসু নির্বাচনের পর ছাত্র সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও সে নির্বাচন হয়নি।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ছাত্রলীগের ওই অনুষ্ঠানে ডাকসুর ভিপি হতে না পারার আক্ষেপের কথাও জানান সংগঠনটির সাবেক সভাপতি ওবায়দুল কাদের।

“আমার আক্ষেপ আছে, আমি ডাকসুর ভিপি হতে পারিনি। কিন্তু এখান থেকে নেতা বানিয়েছি। তাই ডাকসুর নেতা তৈরির এই প্রোডাকশনটা আমাদের খুলে দেওয়া উচিত। ছাত্রনেতা থেকে জাতীয় নেতা সৃষ্টি হওয়ার জন্য এটি চালু হওয়া উচিত।”

ছাত্র রাজনীতিকে ‘আকর্ষণীয়’ করে তুলতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

দেশের রাজনীতিতে শিক্ষাগত যোগ্যতায় ‘কারচুপির ঢল’ নেমেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “আমাদের দেশের রাজনীতি অশিক্ষিত ও অর্ধ-শিক্ষিত লোক দ্বারা আকড়ে আছে। রাজনীতিতে এখন শিক্ষাগত যোগ্যতার কারচুপির ঢল নেমেছে। অশিক্ষিত ও অর্ধ-শিক্ষিতরা শিক্ষিতদের ওপর প্রভাব রাখছে।”

ছাত্রনেতাদের ‘ছাত্র সমস্যা’ নিয়ে কথা বলার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “বক্তৃতায় ছাত্রনেতারা জাতীয় রাজনীতির কথা বলে। তাদের বক্তব্যে অবশ্যই ছাত্র সমস্যা ও শিক্ষা সমস্যা নিয়ে কথা বলতে হবে, পরে জাতীয় রাজনীতি।”

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান এবং আরেক সাবেক সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাবেক ভিপি এনামুল হক শামীম।