২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চাকাঙ্ক্ষী এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়: বিএনপি

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের নতুন অর্থবছরের ‘উচ্চাকাঙ্ক্ষী’ বাজেটটি ‘বাস্তবায়নযোগ্য নয়’ বলে মনে করছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 06:02 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

অর্থমন্ত্রী ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবের প্রায় এক সপ্তাহ পর বুধবার তা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে সংসদের বাইরে থাকা দলটি।

গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এক অর্থে এই বাজেট গতানুগতিক। দূরবর্তী অতীতের বাজেটের আকারের সঙ্গে তুলনা করলে এটি উচ্চাকাঙ্ক্ষী। অর্থমন্ত্রী নিজেও সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন বাজেট উচ্চাকাঙ্ক্ষী।

“এই বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে। আমরা মনে করি, এই বাজেট মানুষের কল্যাণ আনবে না। এটি বাস্তবায়ন করা সম্ভব হবে না।”

গত ২ জুন জাতীয় সংসদে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাবকারী আবুল মাল আবদুল মুহিত নিজে বাংলাদেশের অর্থনীতির আকার বাড়ার সঙ্গে আরও বড় বাজেট দিতে আগ্রহী।

ক্ষমতাসীন দলটির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই বাজেটকে ‘প্রতিক্রিয়াশীল’ বলেছিলেন। তার প্রতিক্রিয়ায় মুহিত বিএনপিকে ‘অস্তিত্বহীন’ রাজনৈতিক দল বলেন।

সংবাদ সম্মেলনে মোবাইল ফোনের সিম, কম্পিউটার ও এর নানা যন্ত্রাংশসহ তথ্য প্রযুক্তি পণ্যের উপর যে করের প্রস্তাব করা হয়েছে, তা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এছাড়া রপ্তানিমুখী পোশাক শিল্প মালিকদের উৎস কর বৃদ্ধি, হাসপাতালে ব্যবহৃত কিছু যন্ত্র, ইসিজি ও আল্ট্রাসনোগ্রামে ব্যবহৃত কাগজের উপর আরোপিত করারোপের যেসব প্রস্তাব করা হয়েছে, তা  পুনর্বিবেচনার দাবিও জানান ফখরুল।

প্রস্তাবিত বাজেটে অনুন্নয়ন ব্যয় বাড়ানোর সমালোচনা করে এক সময়ের অর্থনীতির শিক্ষক ফখরুল বলেন, “অনুন্নয়ন ব্যয়ের এই প্রাধান্য দেশের জন্য মঙ্গলজনক নয়। অনুন্নয়ন ব্যয়ের বৃত্ত সঙ্কুচিত করতে হবে। এটি করা সম্ভব হলে অধিকহারে জনকল্যাণও নিশ্চিত হবে।”

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর এবার বাজেটে অনুন্নয়ন  খাতে বরাদ্দ ২ লাখ ১৫ হাজার ৭৪৪ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। উন্নয়ন বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা।

রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা অর্জনও সম্ভবপর হবে না বলে মনে করে বিএনপি।

ফখরুল বলেন, “যেভাবে কর আরোপের চিত্র দেখানো হোক না কেন, বাস্তবে মানুষকে অতিরিক্ত করের বোঝা বহন করতে হবে। মাথাপিছু করের বোঝা বাড়বে।”

চলতি অর্থবছরে ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জনের যে দাবি অর্থমন্ত্রী করেছেন, তার তথ্য নিয়েও সংশয় প্রকাশ করেন ফখরুল।

“ব্যক্তিখাতে বিনিয়োগে মন্থরতা, রাজস্ব সংগ্রহে বিশাল অঙ্কের ঘাটতি, বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও কাঙ্ক্ষিত সক্ষমতার অভাব প্রভৃতি কারণে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৭ শতাংশ অর্জন নিয়ে আমরা সংশয় প্রকাশ করেছি। প্রথমবারের মতো এই অর্জন বলে অর্থমন্ত্রী যে দাবি করছেন, তা তথ্যসম্মত নয়।”

২০১৫-১৬ অর্থবছরে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সামাজিক উন্নয়ন খাতের উন্নয়নে যেসব বরাদ্দ দেওয়া হয়েছে, তা পর্যাপ্ত হয়নি বলে মনে করে বিএনপি। পরিবহন ও যোগাযোগ খাতসহ ‘মেগা প্রকল্পে’ ব্যয় বাড়ানোর সমালোচনাও করেন ফখরুল।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্প বাস্তবায়নের গতি এবং অর্থের অপচয়ের কারণে এডিপির গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব।

প্রতিবছর ২৪ লাখ মানুষ বেকার হচ্ছে দাবি করে ফখরুল বলেন, বেকারত্ম দূর করতে বাজেটে কোনো সুনির্দিষ্ট কৌশল নেই।

“বিএনপি মনে করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের পক্ষেই সত্যিকারের দেশপ্রেম ও জনকল্যাণমুখী বাজেট দেওয়া সম্ভব। বর্তমান সরকারের কোনো রকম চরিত্র নেই। এজন্য একটি ‍সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন হওয়া প্রয়োজন,” অর্থনীতি বিষয়ে প্রতিক্রিয়ার রাজনৈতিক উপসংহার টানেন ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী ও আবদুল আউয়াল মিন্টু।

পুরনো খবর:

‘প্রতিক্রিয়াশীল’ বাজেট: বিএনপি
‘প্রতিক্রিয়াশীল’ বলছে অস্তিত্বহীনরা: মুহিত
মুহিতকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান ফখরুলের