২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশ্রুত কোটা পূরণের আশায় আওয়ামী লীগের নারীরা

২০২০ সালের মধ্যে দলের বিভিন্ন কমিটিতে ৩৩ শতাংশ পদে নারীদের আনার প্রতিশ্রুতি দিয়ে আট বছর আগে অন্য রাজনৈতিক দলগুলোর মতোই নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিয়েছিল আওয়ামী লীগ।

কাজী মোবারক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 11:01 AM

Updated : 20 Aug 2022, 12:53 PM

তারপর দুটি কাউন্সিলে তার এক-তৃতীয়াংশ পূরণ না হওয়ার মধ্যেই আরেকটি সম্মেলন করতে যাওয়ার আগে বতর্মানে ক্ষমতাসীন দলটির নেতারা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যেই এই লক্ষ্য অর্জন করবেন তারা।

এই লক্ষ্য অর্জনে দলীয় প্রধান শেখ হাসিনার আশ্বাস মিলেছে বলে দলের নারীনেত্রীরাও দাবি করছেন। তবে কীভাবে বাকি চার বছরে এই অর্জন সম্ভব হবে, তা স্পষ্ট করতে পারেননি কেউই।

বাংলাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ আগামী ১০-১১ জুলাই দলের ২০তম সম্মেলনের ডাক দিয়েছে। নিবন্ধন নেওয়ার পর এর আগে ২০০৯ ও ২০১২ সালে সম্মেলন করেছিল দলটি।

২০০৮ সালে নিবন্ধন চালুর সময় রাজনৈতিক দলগুলো গঠনতন্ত্রে সংশোধনী এনে নারী সদস্যদের এক-তৃতীয়াংশ পদে রাখার শর্ত ২০২০ সালের মধ্যে পূরণের প্রতিশ্রুতি দিয়েছিল।

এর দুই-তৃতীয়াংশ সময় পেরিয়ে যাওয়ার পর দেখা যায়, আওয়ামী লীগসহ কোনো রাজনৈতিক দলই প্রতিশ্রুতির কাছাকাছি পৌঁছেনি।

Image
মতিয়া চৌধুরী ও দীপু মনি, রয়েছেন দলের গুরুত্বপূর্ণ দুটি পদে

মতিয়া চৌধুরী ও দীপু মনি, রয়েছেন দলের গুরুত্বপূর্ণ দুটি পদে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ১২ জন সদস্যের মধ্যে নারী সদস্য রয়েছেন চারজন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১৩১ সদস্যর মধ্যে নারী সাতজন এবং উপদেষ্টা পরিষদের ৩৪ জনের মধ্যে নারী দুজন।

শতকরা হিসাবে কমিটিতে নারী সদস্য ৭ দশমিক ৩৪। সভাপতিমণ্ডলীতে ৩৩ শতাংশ নারী সদস্য পূরণ হলেও অন্যান্য স্তরে তাদের হার লক্ষ্যমাত্রার অনেক কম, যা নিয়ে হতাশ দেশের নারীনেত্রীরা।

রাজনৈতিক দলগুলোতে নারীর ক্ষমতায়ন নিয়ে মানবাধিকারকর্মী খুশি কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের সব আন্দোলন-সংগ্রামে নারীরা সব সময়ই আগে ছিল। এখনও যে সব জায়গায় নারীরা নেতৃত্ব দিচ্ছেন, তারা কোনো অংশে পুরুষ থেকে পিছিয়ে নেই।

“তাই আমি মনে করি যত দ্রুত সম্ভব আমাদের দাবি অনুযায়ী ৩৩ শতাংশ নারী সব রাজনৈতিক দলের কমিটিতে থাকা দরকার।”

Image
দলের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা

দলের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা

সম্মেলনের আগে নারী কোটা পূরণের বিষয়ে জানতে চাইলে ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি-নির্ধারকরা বলেন, কেন্দ্রীয় কমিটিতে নারীদের সংখ্যা বাড়ছে। ২০২০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করা হবে।

সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী লক্ষ্যমাত্রা পূরণের দিকে এগুচ্ছি আমরা।

“আমরা এগোচ্ছি; আশা করি, নির্দিষ্ট সময়ের মধ্যেই লক্ষ্যে (৩৩% কোটা পূরণ) পৌঁছে যাব।”

এই সম্মেলনে কমিটিতে নারী সদস্য কতজন বাড়তে পারে- চাইলে তিনি বলেন, “এটা বলা মুশকিল।”

শর্তপূরণে অগ্রগতি কতটুকু- জানতে চাইলে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পরিকল্পনা অনুযায়ী এই সম্মেলনে ভালো একটা ‘পার্সেন্টেজ’ নেতৃত্বে আসবে। তবে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।”

“এ বিষয়টি নিয়ে দলের নেতারা সব সময়ই আলোচনা করেন। আমাদের আস্থার জায়গা আমাদের দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। উনার কাছে গিয়েছিলাম, তিনি আমাদের আশ্বস্ত করেছেন,” বলেন তিনি।

Image
ফরিদুন্নাহার লাইলী ও অপু উকিল, নানা কর্মসূচিতে সক্রিয় সব সময়

ফরিদুন্নাহার লাইলী ও অপু উকিল, নানা কর্মসূচিতে সক্রিয় সব সময়

আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আলোচনা চলছে। তবে এখনও কোনো কিছু পরিষ্কার হয়নি।

“আমার জানা মতে, সামনের ওয়ার্কিং কমিটির সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হবে, তখন জানতে পারবেন।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুল-উল আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন কমিশনের দেওয়া শর্ত মাথায় রেখে তারা কাজ করে যাচ্ছেন।

“শর্ত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, এই সম্মেলনে এর কিছুটা হলেও পূরণ হবে।”

কত সংখ্যক নারী একবার নেতৃত্বে আসতে পারেন- জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট সংখ্যা এড়িয়ে বলেন, “বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য নারী নেতৃত্ব গড়ে উঠছে। তাদের মধ্য থেকে বিচার-বিশ্লেষণ করে দলের কমিটিতে আনা হবে।”

পুরনো খবর:

এক-তৃতীয়াংশ নারী নেই কোনো দলের কমিটিতে
৩৩% নয়, সমান-সমান: আহ্বান শিরীন শারমিনের
নির্বাচনে সব দল থেকে ৩৩ ভাগ নারী প্রার্থী করার দাবি