২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাতব্য ট্রাস্ট: হাই কোর্টের আদেশের বিরুদ্ধে খালেদার দুই আবেদন

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 02:43 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

বিচারের শেষ পর্যায়ে থাকা ওই মামলায় তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরার আবেদন নাকচের পর মামলার কার্যক্রম স্থগিত চেয়ে খালেদা জিয়া হাই কোর্টে দুটি আবেদন করলে ১৫ মে তা খারিজ হয়।

ওই আদেশের বিরুদ্ধে বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় দুটি আবেদন জমা দেন খালেদার আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগামী সপ্তাহে চেম্বার বিচারপতির আদালতে আবেদন দুটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।”    

এ মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়ে আপত্তি তুলে খালেদার আইনজীবীবীরা গত ১৭ এপ্রিল নতুন করে সাক্ষ্যগ্রহণ ও জেরার আবেদন করলে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার তা নাকচ করে দেন।

ওই আদেশে বাতিল চেয়ে পরদিন হাই কোর্টে দুটি আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। সেই আবেদনের ওপর তিনদিন শুনানি শেষে ১৫ মে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ তা খারিজ করে দেয়।

মামলার বৃত্তান্ত

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খালেদা জিয়া ছাড়া অন্য চার আসামিরা হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। পরের বছরের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়।

তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও জেরা শেষে আদালত খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য বৃহস্পতিবার দিন রয়েছে।