বিচার বিভাগকে পরাধীন করতেই রায় স্থগিতের আবেদন: বিএনপি
সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে বলে মনে করে বিএনপি।
সোমবার রাজধানীতে এক দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করে বলেন, “আজকে বিচার বিভাগ যখন তাদের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য রায় দিচ্ছেন, সরকার তখন তাদের বিরোধিতা করছে। কারণ তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। তারা বিচার বিভাগের স্বাধীনতাকে রক্ষা করতে চায় না।”
সুপ্রিম কোর্টের ৯ আইনজীবীর করা একটি রিট আবেদনে দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের বিশেষ বেঞ্চ বৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে। রায়ে সংসদের মাধ্যমে বিচারক অপসারণ প্রক্রিয়াকে ‘ইতিহাসের একটি দুর্ঘটনা’ বলা হয়।
ওই রায় স্থগিত চেয়ে রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে রাষ্ট্রপক্ষ।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সরকারকে আবারও সংলাপের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের উপায় বের করার আহ্বান জানিয়ে বলেন, “আজকে বাংলাদেশ যে সংকটে পড়েছে, তা রাজনৈতিক সংকট, সাংবিধানিক সংকট। এ থেকে মুক্ত হতে হলে সত্যিকার অর্থে জনগণের সরকার ছাড়া কোনো বিকল্প নেই।
“আর সেজন্য দেশনেত্রী যে আহ্বান জানিয়েছেন, তিনি বারবার সরকারকে বলেছেন। আসুন আগে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি। কিন্তু তারা তা কর্ণপাত করছেন না।”
এজন্য ‘গণতান্ত্রিক উপায়ে’ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে ‘সুষ্ঠু নির্বাচন’ দিতে বাধ্য করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব।
গোপীবাগে ‘সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে’ যুক্তরাষ্ট্রে চিকিসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করে সূত্রাপুর-ওয়ারি-গেন্ডারিয়া-বংশাল-কোতয়ালী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ।
এতে কয়েক হাজার নেতাকর্মী, এলাকার মুরব্বী ও গণমান্য ব্যক্তিরা অংশ নেন।
নিউ ইয়র্কের একটি ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন খোকার দুয়েকদিনের মধ্যে একটি জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
দেশের বর্তমান অবস্থাকে সংকটজনক আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, “সাদেক হোসেন খোকাসহ বিরোধী দলের এমন কোনো নেতাকর্মী নেই, যাদের বিরুদ্ধে ২০-৩০-৫০টি মামলা নেই। বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও একটি নয়, দুইটি নয়, অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে সরকার। এভাবে এই সরকার মিথ্যা মামলা দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়।”
ঢাকা মহানগর বিএনপির শতাধিক নেতাকর্মী গুম হয়েছে বলেও এসময় অভিযোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব ঢাকা মহানগরকে ‘গণতন্ত্রের আন্দোলনের’ নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমি আশা করব, মহানগর নেতাকর্মীরা নতুন করে সংগঠিত হয়ে দেশনেত্রীর আহ্বানে সাড়া দিয়ে গণতন্ত্রের আন্দোলনকে সফল করবেন। আমাদের এই আন্দোলনে জয়ী হতে হবে।
“দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদেরকে গণতন্ত্রের এই আন্দোলনে সফল হতে হবে। এতে ঢাকা মহানগরকেই নেতৃত্ব দিতে হবে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, এম কে আনোয়ার ও মির্জা আব্বাস কারাগারে নির্যাতিত হয়েছেন এবং কারাবন্দি সম্পাদক শফিক রেহমান, মাহমুদুর রহমান অসুস্থ উল্লেখ করে তাদের সবার জন্যও দোয়া চান মির্জা ফখরুল।
ইউনিয়ন পরিষদের নির্বাচনের নামে ‘তামাশা’ চলছে মন্তব্য করে তিনি বলেন, “জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে না। নির্বাচনের আগের রাতে সব ভোট নিয়ে যাওয়া হচ্ছে। এ্ভাবে নির্বাচনী ব্যবস্থাকে একে একে ধ্বংস করে ফেলা হয়েছে।”
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও বক্তব্য রাখেন।
পরে খোকার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, যুব দলের সাইফূল ইসলাম নিরব, মহিলা দলের শিরিন সুলতানা, ছাত্র দলের রাজীব আহসান, মহানগর নেতা কাজী আবুল বাশার, মো. মোহন, মকবুল ইসলাম খান টিপু, মোজাম্মেল হক মুক্তা, আবদুল কাদের, নবী উল্লাহ নবী, বজলুল বাসিত আনজু ও হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
