২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তহত্যা-সন্ত্রাসের বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ার আহ্বান নাসিমের

বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে গুপ্তহত্যা, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার অভিযোগ এনে এসব ঠেকাতে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 11:39 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

রোববার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল আয়োজিত ‘বিএনপি-জামায়াত জোটের অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদী তৎপরতা এবং গণতন্ত্র উন্নয়ন স্থিতিশীলতা ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে গণ সমাবেশে’ তিনি এ আহ্বান জানান।

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ তুলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “বেগম খালেদা জিয়া তুমি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য যে ষড়যন্ত্রে মেতে উঠেছ- তা সফল হবে না। তোমার কলঙ্ককে ঢাকতে চাও? বাংলার মানুষ কোনো দিন তা বিশ্বাস করবে না।

“সারাদেশের ১৪ দলের নেতাকর্মীদের প্রতি আমি আহ্বান জানাই, আপনারা বিএনপি-জামায়াত জোটের গুপ্তহত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ ঠেকাতে পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন।”

সমাবেশে ‘বিএনপি-জামায়াত জোটের অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদী তৎপরতা এবং গণতন্ত্র উন্নয়ন স্থিতিশীলতা ও দেশবিরোধী চক্রান্তের’ প্রতিবাদে ২৪ মে জেলায় জেলায় গণসমাবেশের ঘোষণা ১৪ দলের মুখপাত্র।

রাজশাহীতে শিক্ষক হত্যার প্রতিবাদে ১৫ মে গণসমাবেশ করার ঘোষণাও দেন তিনি।

সমাবেশে পুড়িয়ে মানুষ হত্যার জন্য বিএনপি চেয়ারপারসনকে দায়ী করে তার ফাঁসির দাবি তোলেন জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

“একাত্তরে গণহত্যার দায়ে যদি নিজামীর ফাঁসির রায় হতে পারে, তাহলে মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়ার বিচার ও ফাঁসি দাবি করছি।

“আগুন যুদ্ধে পরাজিত হয়ে খালেদা জিয়া এখন গুপ্তহত্যার মতো নেক্কারজনক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। সব জঙ্গিবাদের আশ্রয়স্থল এখন খালেদা জিয়া। খালেদা জিয়ার ছাতার তলে এখন সব গুপ্তহত্যার ষড়যন্ত্র চলছে।”

বিএনপি এখন ‘জামায়াতের মত সন্ত্রাসী’ দলে পরিণত হয়েছে দাবি করে ইনু বলেন, “তাই গুপ্তহত্যা বন্ধ করতে হলে প্রথমে খালেদা জিয়ার মানুষ পোড়ানোর বিচার শুরু করতে হবে এবং তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।”

সমাবেশে বাংলাদেশে জঙ্গি উত্থানের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী  রাশেদ খান মেনন বলেন, “কিন্তু জঙ্গি উত্থানের নাম করে এই খেলা বাংলাদেশে খেলতে দেওয়া হবে না।”

খালেদা জিয়াকে ‘লেডি লাদেন’ আখ্যা দিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “দেশকে বিপদের দিকে ঠেলে দিতে চক্রান্তে মেতে উঠেছেন খালেদা জিয়া। লেডি লাদেন খালেদা জিয়ার নেতৃত্বে সমস্ত অপশক্তি ঐক্যবদ্ধ হয়েছে। আসুন তাদের প্রতিরোধ করি।”

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রর আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান ও ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।