২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া দাতব্য ট্রাস্ট: খালেদার আবেদন হাই কোর্টে উঠছে বুধবার  

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরার আবেদন নাকচ হওয়ার পর মামলা স্থগিতের যে আবেদন খালেদা জিয়া করেছেন, তা বুধবার হাই কোর্টে উঠছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 01:05 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

মঙ্গলবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাই কোর্ট বেঞ্চে বিএনপি চেয়ারপারসনের দুটি আবেদন দাখিল করা হলে আদালত জানায়, বুধবার বিষয়টি তালিকায় আসবে।

আদালতে খালেদা জিয়ার পক্ষে আবেদন দুটি দাখিল করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও জাকির হোসেন ভুইয়া।

দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল এ সময় উপস্থিত ছিলেন।

বিচারের শেষ পর্যায়ে থাকা এ মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়ে আপত্তি তুলে খালেদার আইনজীবীরা গত রোববার নতুন করে সাক্ষ্যগ্রহণ ও জেরার আবেদন করলে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার তা নাকচ করে দেন।  

এরপর মামলাটির কার্যক্রম স্থগিত চেয়ে সোমবার হাই কোর্টে আবেদন করেন খালেদা জিয়া। খালেদার পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় দুটি আবেদন জমা দেন, যা মঙ্গলবার আদালতে দাখিল করা হয়।

খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবেদন দুটি দাখিল করা হয়েছে। আদালত বলেছে আবেদনপত্র হিসেবে আবেদনটি দুটি বুধবার তালিকায় আসবে।”

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত কর্মকর্তা জেরা পুনরায় গ্রহণ এবং  তদন্ত নথি (কেস ডকেট) প্রদান ও দেখানোর জন্য বিচারিক আদালতে আবেদন করা হলে ১৭ এপ্রিল খারিজ হয়। ওই আদেশ বাতিল ও মামলার কার্যক্রম স্থগিত চেয়ে দুটি আবেদন করা হয়েছে। আদালত বলেছে, আবেদন দুটি বুধবার তালিকায় আসবে। আশা করি বুধবার শুনানি হবে।”

মামলা বৃত্তান্ত

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট পাঁচ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খালেদা জিয়া ছাড়া অন্য আসামিরা হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। পরের বছরের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়।

তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও জেরা শেষে আদালত খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য ২৫ এপ্রিল তারিখ রেখেছে।