বুলু, দুলু, শিমুল বিশ্বাসকে গ্রেপ্তারের নির্দেশ
নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা রোববার পরোয়ানা জারির এ আদেশ দেন।
বিএনপির যুগ্ম মহাসচিব বুলু, সাংগঠনিক সম্পাদক দুলু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ছাড়াও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল ও চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ও যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব রয়েছেন ওই ১১ জনের মধ্যে।
এ আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় নাশকতার অভিযোগে এসআই মিজানুর রহমান এ মামলা দায়ের করেন।
এরপর গতবছর ১৬ জুলাই শেরেবাংলা নগর থানার এসআই তোফাজ্জল হোসেন ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
শাহ আলম তালুকদার বলেন, “অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে পাঁচজন জামিনে আছেন। পলতাক ১১ জনকে আদালত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।”
