দুর্নীতি মামলায় ‘আত্মপক্ষ সমর্থনে’ আদালতে খালেদা
জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার সকাল সাড়ে ১০টার পর সাবেক এই প্রধানমন্ত্রী বকশীবাজারে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের এসলাসে উপস্থিত হনবলে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান।
এ মামলায় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, রাষ্ট্রপক্ষের কোন সাক্ষী আসামির খালেদা জিয়ার বিরুদ্ধে কী সাক্ষ্য দিয়েছেন- তা পড়ে শুনিয়ে তার বক্তব্য জানতে চাওয়া হবে।
“আত্মপক্ষ সমর্থন না করে দোষ স্বীকার করলে আইনে নির্ধারিত সাজা শুরু হয়ে যাবে। আর নির্দোষ দাবি করে সাফাই সাক্ষ্য দিলে শুরু হবে মামলার যুক্তি বা সওয়াল জবাব। সেগুলো শেষ হলে রায়ের তারিখ দেওয়া হবে।”
এর আগে ৭ এপ্রিল তার আত্মপক্ষ সমর্থনের দিন থাকলেও খালেদা জিয়া আদালতে উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে যায়।
ওই দিন তার পক্ষে আইনজীবীর সময়ের আবেদন মঞ্জুর করে আত্মপক্ষ সমর্থন ও যুক্তি উপস্থাপনের নতুন দিন ঠিক করে দেন বিচারক আবু আহমেদ জমাদার। খালেদাকে অবশ্যই আদালতে হাজির করার নির্দেশ দেন তিনি।
এ মামলার অপর দুই আসামি মনিরুল ইসলাম খান ও জিয়াউল ইসলাম মুন্না ওইদিন নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
এর আগে ৩১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী।
খালেদা জিয়া ছাড়া অন্য আসামিরা হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। এরপর ২০১৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু করে আদালত।
ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তরের মাঠে বসানো বিশেষ এজলাসে এ মামলার কার্যক্রম চলছে। এ আদালতেই জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে। এ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদকে জেরা করছে আসামিপক্ষ।
