মশাল প্রশ্নে ইসির ‘সুবিবেচনা’ প্রত্যাশা ইনুর
দলের নিবন্ধন ও প্রতীকের দাবি নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের নতুন কমিটির পক্ষে বক্তব্য তুলে ধরেছেন এ অংশের সভাপতি হাসানুল হক ইনু।
নিজের অংশকেই ‘মূল জাসদ’ দাবি করে ইসির ‘সুবিবেচনা’ আশা করেছেন তিনি।
বুধবার সকাল থেকে দেড় ঘণ্টার এই শুনানি শেষে তথ্যমন্ত্রী ইনু সাংবাদিকদের বলেন, “আমাদের সব কাগজপত্র-দলিলাদি জমা দিয়েছি। এই কাগজপত্রের বিষয়ে ইসি কিছু প্রশ্ন করেছে; আমরা জবাব দিয়েছি। ইসির প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আশা করি তারা সুবিবেচনা করবেন।”
গত ১২ মার্চ জাতীয় সম্মেলনকে ঘিরে দুই ভাগ হয় জাসদ। হাসানুল হক ইনু ও শিরীন আখতারের কমিটির পাশাপাশি কার্যকরী সভাপতি মঈনুদ্দীন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের আলাদা কমিটি ঘোষণার মধ্য দিয়ে এ বিভক্তি চূড়ান্ত হয়।
দুই পক্ষই নিজেদের ‘মূল জাসদ’ দাবি করে দলীয় প্রতীক মশালের দাবি নিয়ে ইসির দ্বারস্থ হয়েছে। এই জটিলতা নিরসনে দুই পক্ষের দলিলপত্র পাওয়ার পর বুধবার আলাদাভাবে তাদের বক্তব্য শুনছে কমিশন।
বেলা ১১টায় শেরেবাংলা নগররে ইসির সম্মেলন কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে হাসানুল হক ইনুর অংশের শুনানি হয়।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মো. জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, ইসি সচিব মো. সিরাজূল ইসলাম, যুগ্ম সচিব (আইন শাখা) মো. শাজাহান এ শুনানিতে অংশ নেন।
জাসদের প্রতীক মশাল
বিকাল ৩টায় বাদল-আম্বিয়া-প্রধান নেতৃত্বাধীন জাসদের অন্য অংশের বক্তব্য শুনবে ইসি।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, “নিবন্ধিত দলটির দুই পক্ষের বক্তব্য কমিশন শুনবে। সার্বিক বিষয় পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে।”
২০০৮ সালে সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে ইসি। এ পর্যন্ত ৪০টি দল ইসির নিবন্ধন পেয়েছে।
