২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপিতে ‘বাড়াবাড়ির’ পরিণতি শুভ হবে না: বিএনপি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘বাড়াবাড়ি’ করছে অভিযোগ করে তার পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 08:55 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আজকে সকলেই বলছে, এটা একটা তামাশার নির্বাচন। দুই ধাপের নির্বাচনে সারাদেশে ৮০ জনের ওপরে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন; যা অতীতে কখনও হয়নি। এরপরও সন্ত্রাস-সহিংসতা ও ভোট ডাকাতি কীভাবে হচ্ছে, তা মানুষ দেখছে।”

“আমরা বলতে চাই, ইউপি নির্বাচনে আপনারা (ক্ষমতাসীন দল) যেভাবে বাড়াবাড়ি করছেন, আপনারা যেভাবে গ্রাম-গঞ্জে মানুষকে ক্ষেপিয়ে তুলছেন, যেভাবে মানুষকে বিক্ষুব্ধ করছেন, আপনাদের পতনের পরে আমরা বা অন্য কেউ ক্ষমতায় আসলে, জনগণের রোষানল থেকে আপনারা রেহাই পাবেন না,” বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাকে ষড়যন্ত্রের অংশ অভিহিত করে খন্দকার মোশাররফ বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশনেত্রীকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে, শাস্তি দেওয়ার ভয় দেখিয়ে দমানো যাবে না। এরকম ভয় দেখিয়ে জাতীয়তাবাদী শক্তিও দমানো যাবে না।”

গতবছরের ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ঘটনায় দায়ের বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩০ মার্চ খালেদাসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

তাদেরকে গ্রেপ্তার করা গেল কি না- তা  পুলিশকে ২৭ এপ্রিল জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় খালেদা জিয়া মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

ওই গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিএনপি ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে সমাবেশের অনুমতি না পেয়ে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা করে মহানগর শাখা।

সভায় অবিলম্বে ওই গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপি নেতা মোশাররফ বলেন, “আজকে দেশের রিজার্ভে ডিজিটাল ডাকাতির ঘটনা ঘটছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতির ঘটনা ঘটছে।

“এসব ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সরকার দেশনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এসব করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না।”

সভায় মঙ্গলবার মামলায় খালেদা জিয়ার আত্মসমর্পণ করতে পুরান ঢাকায় আদালতে যাওয়ার কথা জানিয়ে নেতা-কর্মীদের ৯টার মধ্যে হাজির থাকতে বলা হয়।

বর্তমান সরকারের কোনো বৈধতা নেই দাবি করে খন্দকার মোশাররফ বলেন, “এই ফ্যাসিস্ট সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে। তাদের জনগণের কাছে কোনো ভিত্তি নেই।

“তারা গায়ের জোরে গণতন্ত্রের কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। মুক্তিযুদ্ধের প্রেরণা ছিল দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা। আজ তা নেই।”

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবির খোকন, আবদুল খায়ের ভুঁইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সুলতানা ও কাজী আবুল বাশার বক্তব্য রাখেন।