২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার পতনের শব্দ ঢাকতে’ খালেদার বিরুদ্ধে পরোয়ানা: বিএনপি

নাশকতার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিহিত করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 09:34 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

বুধবার বিকালে ওই পরোয়ানার পর সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “রাজধানীর যাত্রাবাড়িতে সাজানো এক মিথ্যা মামলায় তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

“আমরা মনে করি, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার গ্রেপ্তারি পরোয়ানা। মূলত তাকে হয়রানি করার জন্য এটা করা হয়েছে। আমরা এহেন মিথ্যা বানোয়াট মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ অবস্থা থেকে গতবছর ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ শুরু হয়।

২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ঘটনায় দায়ের বিশেষ ক্ষমতা আইনের মামলায় বুধবার খালেদাসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “আজকে সরকার তার পতনের শব্দ শুনছে বলে যাতে তা শোনা না যায় সেজন্য নানা পদ্ধতি আবিষ্কার করছেন ও জারি করছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে সরকারের ঘৃণ্য ষড়যন্ত্র প্রকাশ পাচ্ছে।”

মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয় জানিয়ে তিনি বলেন, “মূলত বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য সরকারের লোকজন সেসময়ে পেট্রোল বোমা মারে। এর বহু নির্দশন ও দৃষ্টান্তসহ বহু লোককে হাতেনাতে ধরা হয়েছে।

“পরে দেখা গেছে, তারা যুবলীগ-ছাত্রলীগের লোকজন। তাদের ছেড়ে দিয়ে বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা করা হয়েছে।”

রিজভী প্রশ্ন রেখে বলেন, “ঘটনার সময় সরকারি বাহিনী দ্বারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। বালির ট্রাক, কাঠের ট্রাক দিয়ে পরিবেষ্টিত ছিলেন। তার পানির ও বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়।

“মোবাইলে কথা বলা যাবে না, চারদিক থেকে অবট্রাকশন তৈরি করা হচ্ছে। তাহলে উনি (খালেদা জিয়া) হুকুম দিলেন কোথার থেকে? উনি যাতে হুকুম দিতে না পারেন, সেজন্যই তো এরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল।”

সরকারের আইনশৃঙ্খলা বাহিনী গুলশান কার্যালয় ঘেরাও করে রেখেছিল জানিয়ে তিনি বলেন, “একটা পাখি পর্যন্ত গুলশানের অফিসে ঢুকতে পারে না। তারপরে হুকুমটা গেল কোন দিক দিয়ে। এই মামলা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য হুকুম দিয়েছিলেন বলে মন্তব্য করেন রিজভী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি নেতা আহমেদ আজম খান, গাজী মাজহারুল আনোয়ার, খায়রুল কবির খোকন, নাসির উদ্দিন অসীম, আবুল হোসেন, এম এ মালেক, কণ্ঠশিল্পী বেবী নাজনীন উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে শনিবার মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয় এবং রোববার থানা, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

পুরনো খবর:

খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা