২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মন্ত্রীর অপসারণ চান বিএনএফ প্রধান কালাম

আদালত অবমাননার দায়ে সাজা পাওয়া দুই মন্ত্রীকে অপসারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশানালিস্ট ফ্রন্টের প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 08:14 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রী ও খাদ্য মন্ত্রী দুই জনের বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরও কেন তাদের অপসারণ করা হয় না। অভিলম্বে তাদের বাদ দেওয়া হোক।” 

মার্চের শুরুতে যুদ্ধাপরাধী মীর কাসেমের আপিল মামলার রায় নিয়ে সংশয় প্রকাশ করে প্রধান বিচারপতিকে জড়িয়ে বক্তব্য দিয়েছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল।

ওই বক্তব্যের কারণে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে রোববার তাদের সাজা দেয় আপিল বিভাগ।

জাতীয় সংসদের বিরোধী দলের অবস্থান নিয়েও সমালোচনা করেন আবুল কালাম আজাদ।

তিনি বলেন, “বর্তমানে বাংলাদেশে দুই ধরনের বিরোধী দল; এক সংসদের ভিতরে, আরেক সংসদের বাহিরে। সংসদীয় গণতন্ত্রে এমন হয় না।

“বিরোধীদলের প্রধান হয়েও এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তাকে বিশেষ দূত থেকে বহিষ্কার করা হোক। আসলে এরশাদ সাহেবরা হল অনুগত বিরোধী দল।”

আলোচনা সভায় আবুল কালাম আজাদ বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবি জানান।

বাংলাদেশ ন্যাশানালিস্ট ফ্রন্ট স্বাধীনতা দিবসের এ আলোচনা সভার আয়োজন করে।

এ ওয়াই এম কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাসিরা খাতুন, মমতাজ জাহান চৌধুরী।